রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও গণধর্ষণ বিষয়ে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক কার্যালয়ের হাইকমিশনারের (ওএইচসিএইচআর) নতুন প্রতিবেদনে মিয়ানমারের সশস্ত্র বাহিনী দ্বারা নিরীহ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ ও ধর্মীয় অবমাননার যে চিত্র তুলে ধরেছে, তা এককথায় বিভীষিকাপূর্ণ। তদুপরি অং সান সু চি তদন্তের যে আশ্বাস দিয়েছেন, তাকে আমরা সতর্কতার সঙ্গে স্বাগত জানাই। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের সামরিক বাহিনীর ওপর সু চির কার্যত নিয়ন্ত্রণ নেই।
মিয়ানমারের প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, দেশটির ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বাধীন কমিশনের তদন্ত সাপেক্ষে তাঁরা দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু এতে নতুনত্ব নেই, ভরসা করার মতোও কিছু নেই। ইতিমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির ভাইস প্রেসিডেন্ট জেনারেল মিন্ট যে একটি সাফাই প্রতিবেদন পেশ করতে পারেন, সে আশঙ্কাই ব্যক্ত করেছে।
জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রা’আদ আল হুসেইন বর্মি নেত্রীর সঙ্গে কথা বলার পর জানিয়েছেন, তিনি তাঁকে সামরিক ও নিরাপত্তা বাহিনীগুলোর ওপর সম্ভব ‘সব ধরনের’ চাপ সৃষ্টির কৌশল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। মিয়ানমার জাতিসংঘের একটি সদস্যরাষ্ট্র এবং জাতিসংঘের একটি অনুসন্ধানী প্রতিবেদনে নির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে ‘রোহিঙ্গাদের ওপর যে ব্যাপক হত্যাযজ্ঞ ও গণধর্ষণের ঘটনা ঘটেছে, তা প্রায় মানবতাবিরোধী অপরাধের শামিল। এবং তা সম্ভবত জাতিগত নির্মূল অভিযানের পর্যায়ে পড়ে।’
জাতিসংঘের এই অনুসন্ধান রোহিঙ্গার ওপর নিষ্ঠুরতা বিষয়ে বর্মি নেত্রী অং সান সু চি ও তাঁর সরকারের ধারাবাহিক প্রত্যাখ্যানের অবস্থানকে নাকচ করে। এরপর কোনোভাবেই বিষয়টিকে শুধু মিয়ানমারের কোনো অভ্যন্তরীণ অবস্থা বলেই গণ্য হওয়ার নয়। তাই অং সান সু চি ও নিরাপত্তা পরিষদের উচিত হবে, জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনটি সর্বাধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করা। রয়টার্সের প্রতিবেদনে হাইকমিশনার জেইদের বরাতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত ‘সুপরিকল্পিত নীতির ভিত্তিতে পরিচালিত সন্ত্রাসবাদের’ সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার একটি সম্ভাব্য উপায় হলো আন্তর্জাতিক কমিশন প্রতিষ্ঠা করা কিংবা আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) দ্বারা তদন্ত করানো।
আমরা মনে করি, একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে আইসিসির মাধ্যমে ঘটনার তদন্ত ও জড়িতদের জবাবদিহির আওতায় আনা যায়। আবার মিয়ানমারের অভ্যন্তরীণ তদন্ত চলমান থাকতে একটি আন্তর্জাতিক কমিশন গঠনেও কোনো বাধা নেই। আসল কথা হচ্ছে যেভাবেই হোক রোহিঙ্গা নির্যাতনের ঘটনা তদন্ত ও দোষীদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি হয়ে পড়েছে।