রোহিঙ্গাদের ওপর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের ওপর পরিচালিত নৃশংস রাষ্ট্রীয় নিপীড়ন ও তাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি শুধু বাংলাদেশের সমস্যা বা বোঝা হিসেবে গণ্য করা প্রত্যাশিত নয়। বাংলাদেশ মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে যথার্থই তার উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এই সমস্যা এ রকম সনাতনী প্রতিবাদের মাধ্যমে আদৌ উপশমযোগ্য কি না, সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
২০১৫ সালে অসলোতে ডেসমন্ড টুটু, শিিরন এবাদিসহ সাত নোবেল পুরস্কার বিজয়ীর ‘জরুরি আহ্বান’কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি গুরুত্বের সঙ্গে নিত, তাহলে আরাকানের চলতি দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়ানো যেত বলেই আমরা বিশ্বাস করি। ওই নোবেলজয়ীরা তাঁদের কথায় জাতিগত রোহিঙ্গাদের বিরুদ্ধে পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনকে গণহত্যার অপরাধসহ মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেন এবং তা বন্ধে মিয়ানমারে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অর্থনৈতিক স্বার্থ রয়েছে, তার দিকে অঙ্গুলিনির্দেশ করেন।
নিউইয়র্ক টাইমস দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার মার্কিন সিদ্ধান্তকে কেন এখন অপরিপক্ব হিসেবে চিহ্নিত করছে, সেটা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্য গণতন্ত্রের কন্যা হিসেবে অং সান সু চির অঙ্গীকারের প্রতি আস্থাশীল থাকতে চাই। মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা পেলেও সামরিক বাহিনী আগের কর্তৃত্ব নিয়েই হাজির আছে এবং ধারণা করা যায়, সামরিক কর্তৃপক্ষের সঙ্গে দর-কষাকষিতে তাঁর সামর্থ্য এখনো যথেষ্ট নয়। ফলে মিয়ানমারের ওপর শক্তিশালী আন্তর্জাতিক চাপ কার্যত সু চির হাতকেই শক্তিশালী করবে।
এটা উদ্বেগজনক যে মিয়ানমারের গণতন্ত্র রোহিঙ্গাদের জন্য স্বস্তি বয়ে আনেনি; বরং তারা আরও দুর্দশাগ্রস্ত হয়েছে। সু চি ৪ নভেম্বর টোকিওতে বলেছিলেন, ‘কে কোন বিষয়ের জন্য দায়ী, সে বিষয়ে সাক্ষ্যপ্রমাণ “সম্পূর্ণরূপে” না পাওয়া পর্যন্ত কাউকে অভিযুক্ত করার ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক।’ তাঁর ভাষায়, পুলিশ কর্মকর্তারাসহ মুসলিমরা হত্যার শিকার হয়েছে। এবং সরকার তার দাবি অনুযায়ী, ‘এর কোনোটাই লুকানোর চেষ্টা করছে না।’ নয়জন পুলিশ অফিসারের হত্যাকাণ্ড নিশ্চয় দুঃখজনক, কিন্তু ওই ঘটনার পরে সু চির কথায়, সরকার ‘আইনের শাসন’ভিত্তিক ব্যবস্থা নিয়েছে, আর এ ব্যবস্থাকেই লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ (আইএসসিআই) ‘জেনোসাইডাল’ হিসেবে গণ্য করেছে।
মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিপুলসংখ্যক অনিবন্ধিত রোহিঙ্গা নিয়ে আগে থেকেই হিমশিম খেতে থাকা বাংলাদেশ নতুন করে এই বোঝা বইতে পারবে না।