ক্রমাগত আন্দোলনে বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ছয় বছর বয়সী এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী যেন অচলাবস্থার ফাঁদে পড়েছেন। কখন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, কখন স্থগিত হয়ে যায় পরীক্ষা, কখন উপাচার্যকে তাঁর অফিসকক্ষে অবরুদ্ধ করা হয়—কোনো কিছুরই ঠিক-ঠিকানা নেই। কিন্তু এ অবস্থা থেকে বিশ্ববিদ্যালয়টিকে উদ্ধার করে পড়াশোনার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার কার্যকর কোনো উদ্যোগ বস্তুত নেই।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য আবদুল জলিল মিয়াকে অব্যাহতি দেওয়া হয় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তাঁর আমলে নিয়োগপ্রাপ্ত ২৭ জন শিক্ষক বর্তমান উপাচার্য এ কে এম নূর-উন-নবীর বিরুদ্ধে আন্দোলন করছেন এক অযৌক্তিক দাবিতে। যে তারিখে সিন্ডিকেটের সভার মাধ্যমে তাঁরা পদোন্নতি পেয়েছেন, নতুন পদের বিপরীতে তাঁরা বেতন-ভাতা দাবি করছেন ওই তারিখের আগে থেকে, যখন তাঁরা পদোন্নতি লাভের যোগ্যতা অর্জন করেছেন। তাই তাঁরা বকেয়া বেতন-ভাতা দাবি করছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে দিয়েছে এ রকম বকেয়া বেতন প্রদানের কোনো সুযোগ নিয়ম অনুযায়ী নেই। মঞ্জুরি কমিশনের এই অবস্থানকে যৌক্তিক বলেই মানতে হচ্ছে।
কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টার কারণে বিশ্ববিদ্যালয়টির অচলাবস্থা দিনের পর দিন চলতে দেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তথা সরকারের তরফ থেকে সমস্যাটি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তা আমাদের
কাছে স্পষ্ট নয়। কিন্তু এটা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
ইতিমধ্যে ৯০ হাজার শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন কিন্তু আন্দোলনের কারণে ভর্তি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। অচলাবস্থার ফলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা ও তাঁদের পরিবারগুলো। যাঁরা সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে জোট বেঁধে আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছেন এবং চূড়ান্ত বিচারে শিক্ষার্থীদের বিরাট ক্ষতির কারণ ঘটাচ্ছেন, তাঁদের শুভবোধের উদয় হোক। শেষ পর্যন্ত তাঁরা তো শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত।