ঢাকার ইন্দিরা রোডের বাসিন্দা রোকেয়া সুলতানাকে আমরা অভিবাদন জানাই। তিনি আমাদের দেখালেন যে এই সমাজের সব মানুষকে আত্মকেন্দ্রিকতা গ্রাস করেনি; বদান্যতা ও পরার্থপরতা এখনো কিছু মানুষের মধ্যে আছে।
রোকেয়া সুলতানা বিশাল কোনো জনহিতকর কর্মকাণ্ড শুরু করে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন তা নয়। ছোট পরিসরে তিনি তাঁর বাড়িতে তৃষ্ণার্ত মানুষের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করেছেন। প্রতিদিন গড়ে শ খানেক তৃষ্ণার্ত মানুষ সেখানে পানি পান করেন। তারা বিদ্যালয়ের শিক্ষার্থী, মেস-হোস্টেলের লোক, ফেরিওয়ালা, রিকশাচালক কিংবা সাধারণ পথচারী, বিশেষত পাশের মাঠে বিকেলবেলা খেলাধুলা করে যে শিশু-কিশোরেরা।
রোকেয়া সুলতানার বাড়ির ফটকে লেখা আছে, ‘এখানে ঠান্ডা পানি ফ্রি খাওয়ানো হয়।’ যখন কোনো কিছুই বিনা খরচে পাওয়া যায় না, তখন বিজ্ঞপ্তিতে ‘ফ্রি’ কথাটা থাকতে হয় বৈকি। উদ্দেশ্যটা পরিষ্কার, পয়সা খরচ করে বিশুদ্ধ পানি কিনে পান করা যাঁদের আর্থিক সামর্থ্যের পক্ষে অসুবিধাজনক, মূলত তাঁদের কথা ভেবেই নেওয়া হয়েছে এই ব্যবস্থা। রোকেয়া সুলতানা প্রথম আলোর প্রতিবেদককে এমন কথাই বলেছেন। তাঁর বাড়িতে এই ব্যবস্থাটি চলছে দশ বছর ধরে, কিন্তু আমরা তা জানতে পারলাম এই সেদিন। এর অর্থ, রোকেয়া সুলতানা শীতল জলে মানুষের তৃষ্ণা নিবারণের কাজটি করে আসছেন নিভৃতে, প্রচার পাওয়ার কোনো আকাঙ্ক্ষা ছাড়াই। আত্মপ্রচারপ্রবণতার এই যুগে রোকেয়া সুলতানার এই নিভৃতিপ্রবণতাও নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
রোকেয়া সুলতানার এই উদ্যোগের পেছনে আছে মানুষের প্রতি ভালোবাসা। তিনি প্রথম আলোকে বলেছেন, ‘লোকের তৃষ্ণা মিটলে স্বস্তি পাই, ভালো লাগে।’ সহজ-সরল এই অনুভূতিই সব মানবিক সমাজের মূল শক্তি, যার অভাব আমাদের সমাজে ক্রমেই প্রকটভাবে অনুভূত হচ্ছে। আমাদের সমাজে রোকেয়া সুলতানার মতো সহানুভূতিশীল ও পরোপকারী মানুষের সংখ্যা যত বেশি হয় ততই মঙ্গল। লোভ, লালসা, স্বার্থপরতা ও আত্মকেন্দ্রিকতার বিপরীতে বদান্যতা ও পরার্থপরতার আজ বড় প্রয়োজন।