চিকিৎসা একটি মহান পেশা। চিকিৎসকেরাই অসুস্থ-বিপন্ন মানুষের ভরসাস্থল। কিন্তু এই চিকিৎসকেরাই যখন নারী-শিশু-বৃদ্ধকে কষ্টের মধ্যে ফেলে দিনের পর দিন চিকিৎসাসেবা বন্ধ করে দেন, তখন সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না।
দুঃখজনক হলো, টানা চতুর্থ দিন কর্মবিরতির পর পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বিএমএর চট্টগ্রাম শাখা গতকাল কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। আবার এ সংকটের সমাধানে সরকার এখন পর্যন্ত এগিয়ে আসেনি। সরকারের এই নীরবতা আমাদের উদ্বিগ্ন করছে।
চট্টগ্রামে তিন সহকর্মী চিকিৎসকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নগরের সব বেসরকারি হাসপাতাল ও ব্যক্তিগত চেম্বারে রোগী না দেখার কর্মসূচি পালন করে চিকিৎসকেরা কী বার্তা দিতে চাইছেন? কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠা বা মামলা হওয়া মানেই তিনি দোষী নন। তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হলেও তাঁরা দোষী হয়ে যাননি। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এর নিষ্পত্তি হবে। রাষ্ট্রের যেকোনো নাগরিক বা অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য এই বিধান চিকিৎসকের ক্ষেত্রে ভিন্ন হবে কেন?
মানুষ অসুস্থ হয়ে অসহায় অবস্থায় চিকিৎসকের কাছে যায়। অন্য যেকোনো পেশার চেয়ে চিকিৎসা সে কারণেই ভিন্ন ও মহান একটি পেশা। চিকিৎসকের সঙ্গে রোগী বা তার স্বজনদের সম্পর্ক বৈরিতাপূর্ণ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু অনেক সময়ই চিকিৎসা নিয়ে সংঘাত-সংঘর্ষ ও হাঙ্গামার ঘটনা ঘটে। কখনো দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসকেরা আক্রান্তও হন। এ ধরনের অসহিষ্ণুতা অগ্রহণযোগ্য এবং তা শাস্তিযোগ্য অপরাধ। তবে এ ধরনের ক্ষেত্রে কখনো যে চিকিৎসকের গাফিলতি থাকে না, এমনও নয়। আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে।
চট্টগ্রামে তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগে। একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতি মারা যাওয়ায় সংশ্লিষ্ট দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ আনা হয়েছে। অন্য এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে অস্ত্রোপচারের সময় রোগীর পেটে ব্যান্ডেজ রেখে দেওয়ার অভিযোগে।
আমরা আশা করব, চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করবেন এবং আইনি বিষয় আইনগতভাবেই মোকাবিলা করবেন। জনগণকে জিম্মি করা কোনোভাবেই কাম্য হতে পারে না।