রোজা মানুষকে পরিশীলিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনকে সুখী-সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য ইসলামের বিধানগুলো এসেছে। রোজার উদ্দেশ্য শরীরকে দুর্বল করে অকর্মণ্য করা নয়, বরং শরীরকে সামান্য কষ্ট দিয়ে অভ্যাসের কিছু বিরুদ্ধাচরণ করে, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুগুলোকে বশ করে নফসকে শায়েস্তা করা এবং কষ্টসহিষ্ণুতার অভ্যাস করে বড় বড় কষ্টের কাজে নিজেকে ঢুকিয়ে ক্রমেই জীবন এবং সমাজকে সৎ ও মহৎ করে গড়ে তোলা। শয়তান যেমন মানুষের প্রকাশ্য শত্রু, তেমনি রিপুগুলোও মানুষের গুপ্তশত্রু। যে মানুষ এগুলো নিয়ন্ত্রিত ও দমিত রাখতে পারেন, সে রোজাদার মানুষই প্রকৃত বীরত্বের স্বাক্ষর রাখতে পারেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর যদি তোমরা উপলব্ধি করতে, তবে বুঝতে, রোজা পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রদ।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৪)মাহে রমজানের সিয়াম সাধনার মধ্যে রোজাদারদের জন্য রয়েছে অশেষ কল্যাণ ও উপকার। স্বাস্থ্যগতভাবে এবং মানসিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। রোজার মাধ্যমে মানুষের আত্মিক ও নৈতিক অবস্থার উন্নতি ঘটে। লোভ-লালসা, হিংসা-ঈর্ষা, প্রতিহিংসা ও বিদ্বেষমুক্ত হয়ে নিজ নিজ অবস্থান থেকে বিশ্বমানব সমাজ ও সম্প্রদায়কে সুন্দর করে গড়ে তোলার জন্য মাহে রমজান এক নিয়ামক শক্তি। রোজার মাহাত্ম্য সম্পর্কে নবী করিম (সা.) যথার্থই বলেছেন, ‘সিয়াম হচ্ছে ঢালস্বরূপ, সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না।’ (বুখারি)মানবজীবনের সামগ্রিক কল্যাণ লাভের প্রত্যক্ষ প্রশিক্ষণব্যবস্থা রমজান মাসের সিয়ামের মধ্যে নিহিত রয়েছে। রোজার মৌলিক উদ্দেশ্যই হচ্ছে জীবনকে পবিত্র ও পরিশীলিত রাখা। আর একটি পবিত্র পরিশীলিত জীবন সর্বদাই সমাজ ও মানবতার জন্য নিবেদিত হয়ে থাকে। সুবহে সাদিক বা সূর্যোদয়ের পূর্ব মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, ইফতার ও সেহিরর মধ্যেই কেবল মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সীমাবদ্ধ নয়। সারা দিন রোজা রাখা, সময়মতো ইফতার করা, সেহির গ্রহণ করা, তারাবি নামাজ আদায় করা—এগুলো তো পালন করতেই হবে। এসবের কোনোটি বাধ্যতামূলক, আর কোনোটি ঐচ্ছিক। সেই সঙ্গে মিথ্যা কথা, পরচর্চা ও ঝগড়া-বিবাদ এবং সব রকম অন্যায়-অনাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে। অন্যের ওপর জুলুম করা ও অপচয় থেকে বিরত থাকা সিয়াম সাধনার অন্যতম প্রধান দাবি। হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘সে পানাহার ও কাম প্রবৃত্তি পরিত্যাগ করে। রোজা আমার জন্য এবং আমি এর পুরস্কার প্রদান করব।’ (বুখারি)মাহে রমজানের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, মানুষের মধ্যে মনুষত্ববোধ জাগ্রত করে পারস্পরিক প্রেম-ভালোবাসা, ঐক্য, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির সুমধুর ও নিবিড় সম্পর্ক গড়ে তুলে এ পৃথিবীকে শান্তির স্বর্গে পরিণত করা, তা যদি না হয় আর মানুষের ভেতর যদি মানবিক গুণাবলি সৃষ্টি করা না যায়, তাহলে সে রোজা উপবাস বৈ কিছু নয়। এ সম্পর্কে রাসুলে করিম (সা.) বলেছেন, ‘বহু রোজাদার এমন রয়েছে, রোজার বিনিময়ে অনাহারে থাকা ছাড়া সে আর কিছুই লাভ করতে পারে না। আবার অনেক রাত্রি জাগরণকারী এমন রয়েছে, যারা নিশি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না।’ (ইবনে মাজা)রোজা পালনের মধ্য দিয়ে মানুষ পরিশুদ্ধতার শীর্ষে পৌঁছাতে পারে। রমজানের প্রতিটি দিন, সকাল-সন্ধ্যা-রাত একজন মানুষকে পরিশীলিত মানুষে রূপান্তর করার সর্বাত্মক আয়োজন করে। তারাই পরিশুদ্ধ, মুত্তাকি মুসলিম, আত্মসমর্পিত সংঘবদ্ধ মানুষ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারল না, এমন ব্যক্তির পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই।’ (বুখারি)কেউ যদি কোনো অন্যায় বা পাপকাজ করে ফেলে, তাহলে তিনি সিয়াম সাধনা বা রোজা পালন করে তওবা-ইস্তেগফারের মাধ্যমে অনুশোচনা করবেন ও অনুতপ্ত হবেন। তিনি তাঁর রিপুকে দমন করতে সচেষ্ট হবেন। এভাবে সেই রোজাদার মনে প্রশান্তি পাবেন এবং তাঁর অন্তর পরিশুদ্ধ হবে। একপর্যায়ে তাঁর ইচ্ছাশক্তি নিজের নিয়ন্ত্রণে এসে যাবে। তখন তিনি আবার অন্যায়-অপরাধ বা পাপকাজ করা থেকে বিরত থাকবেন। ইসলামের যেকোনো ধর্মীয় দিকনির্দেশনা ও ইবাদতের মর্মকথা হলো, মহান সৃষ্টিকর্তা আল্লাহর সমীপে নিঃশর্ত সমর্পণ। তাই মাহে রমজানে দিবসে পানাহার বর্জন যেমন পুণ্যময় ইবাদত, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করাও তেমনি নুরময় নেক আমল। এখানে খানাপিনা গ্রহণ বা বর্জনটা মুখ্য নয়। লক্ষ্য হলো আল্লাহর নির্দেশের প্রতি পরিপূর্ণ আনুগত্য। অবশ্য সেই আনুগত্যের মধ্য দিয়ে যে রোজাদারদের পশুপ্রবৃত্তি দমিত হয়, খানাপিনা ও যৌন সম্ভোগ পরিহারের মধ্য দিয়ে যে মানুষ নিষ্পাপ ফেরেশতাসুলভ চরিত্র চর্চা করার সুযোগ পান, তা-ই সিয়াম সাধনার অনিবার্য ফসল।মাহে রমজানের যে অর্থ জ্বালিয়ে ফেলা, ভস্ম করা; এবারের মাহে রমজান প্রকৃত অর্থেই যেন মানুষের পশুত্ব, আত্মঅহমিকা, হিংস্রতাসহ সব অমানবিক দোষ-ত্রুটি ভস্ম করে, ধৈর্য-সহনশীলতা, প্রেম-প্রীতি, ভালোবাসা-হূদ্যতা বিকশিত করে এবং সব মানবিক গুণাবলি অর্জন করে যেন আমরা মুত্তাকি হয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করতে পারি। রমজান মাস যেন মানুষে মানুষে সম্প্রীতি ও ভালোবাসা গড়ে ওঠার অবলম্বন হয়। সমাজ থেকে যেন সব ধরনের অরাজকতা-অনাচার দূরীভূত হয়, মানুষ যেন খুঁজে পায় সত্য, সুন্দর ও মুক্তির পথ। আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে মাহে রমজানের গুরুত্ব উপলব্ধি করার এবং এ মাসের মূল উদ্দেশ্য মানবজীবনকে সুন্দর-সুশৃঙ্খল ও পরিশীলিত করার জন্য বেশি বেশি নেক আমল করার তাওফিক দান করুন!ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক।[email protected]