রোজায় গরম বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের রোজায় প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং কোনো কোনোটি দেড় গুণেরও বেশি। রোজায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, যেমন ছোলা, বেগুন, শসা, চিনি, পেঁয়াজ, রসুন ইত্যাদির দাম কিছুটা বাড়তে পারে, কিন্তু চাল, মাংসসহ প্রায় সব পণ্যের দাম মাত্রাতিরিক্ত বাড়ার কী যুক্তি থাকতে পারে?

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে মোটা চালের দাম বাংলাদেশেই সবচেয়ে বেশি। কিন্তু কৃষকেরা এই বর্ধিত দামের সুফল কতটা পাচ্ছেন, সে ব্যাপারে সন্দেহ আছে। আরও অনেক পণ্যের মতো এখানেও লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যায়। আমাদের বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামতো পণ্যের দাম আদায় করেন। এ ব্যাপারে সরকারি তদারকি ব্যবস্থা অনেকটা ‘কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই’-এর মতো।

বাংলাদেশে আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ার পেছনে যে আমদানিকারকদের কারসাজি রয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। বলতে গেলে গুটি কয়েক বড় ব্যবসাপ্রতিষ্ঠানের হাতে ভোক্তারা জিম্মি হয়ে পড়েছেন। যখন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ে, তখন তো দেশেও বাড়বে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকে কিংবা কমে যায়, তখনো ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লোটেন। রোজার আগে যে চীনা রসুন কেজিপ্রতি ২৪০-২৫০ টাকায় বিক্রি হয়েছে, সেই রসুন এখন বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একইভাবে বেড়েছে পেঁয়াজ, সয়াবিন তেলের দামও।

গত বছর রোজায় মোটা চালের কেজি ছিল ৩২-৩৪ টাকা, এখন ৪৫-৪৮ টাকা। চিনি ছিল ৬২ থেকে ৬৫ টাকা, এবার ৭৫ টাকা। এক বছরের ব্যবধানে কোনো পণ্যের দাম ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি কোনোভাবে মেনে নেওয়া যায় না। ছোলা, বেগুন, শসা ও কাঁচামরিচের দাম গত বছরের কাছাকাছি থাকলেও শেষ পর্যন্ত স্থিতিশীল থাকবে কি না, সেটি নির্ভর করছে ব্যবসায়ীদের মর্জির ওপর। এটি চলতে পারে না।

আশা করি, বিলম্বে হলেও সরকারের বোধোদয় হবে এবং বাজারের ওপর নজরদারি ও তদারকি বাড়াবে।