রোহিঙ্গা গণহত্যার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কতিপয় প্রভাবশালী দেশের ওজর-আপত্তি সত্ত্বেও মিয়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি আন্তর্জাতিক তদন্ত আজ আর কোনো কষ্টকল্পনা নয়। আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসির দেওয়া রায়ে বিশ্বজনমতের প্রাথমিক বিজয় ঘটেছে। বিশ্ববিবেক ও সর্বজনীন আকাঙ্ক্ষার এক অসাধারণ প্রতিফলন ঘটেছে। আইসিসির এ রায়টি এসেছে এমন একটি প্রেক্ষাপটে, যখন জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুসন্ধানে মিয়ানমারের ছয়জন জেনারেল নির্দিষ্টভাবে অভিযুক্ত হয়েছেন। তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বিশ্বব্যাপী আওয়াজ উঠেছে। জেনারেলদের তাৎক্ষণিক নিষিদ্ধ করে ফেসবুক বিশ্বজনমতকেই ধারণ করেছে। সোমবার জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার মিশেল বাশেলেত তাঁদের বিচারে জাতিসংঘকে নতুন কমিটি গঠন ও প্রস্তাব পাসেরও অনুরোধ করেছেন। সুতরাং বিশ্ববাসী এখন আইসিসির আওতায় কখন তদন্ত শুরু হবে, সেটা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করবে।

১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের স্বাক্ষরদাতা ১৪০টির বেশি দেশের জাতীয় নেতাদের এবং জনগণের জন্যও সাম্প্রতিক অগ্রগতি একটি বড় নৈতিক বিজয় বয়ে এনেছে। এই অগ্রগতি বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া নির্যাতিত রোহিঙ্গাদের জীবনে একটি নতুন আশার বাতি জ্বেলে দেবে। উপরন্তু রুয়ান্ডা, দক্ষিণ সুদান ও সেব্রনিৎসার মতো এলাকাগুলোতে সংঘটিত অতীতের গণহত্যার শিকার হওয়া মানুষগুলো, যারা বিচারবঞ্চিত থেকেছে, তাদেরও কিছুটা সান্ত্বনা এনে দেবে। নিপীড়িত রোহিঙ্গাদের পক্ষে যেসব মানবাধিকারকর্মী লড়াই করে চলছিলেন, তাঁরা এখন আরও উৎসাহিত হবেন। তাঁদের মনোবলও দ্বিগুণ হবে।

মিয়ানমার ভেবেছিল, তথাকথিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন এবং লোক দেখানো কিছু লঘু শাস্তির ব্যবস্থা করে তারা তাদের অপরাধ ধামাচাপা দিতে সক্ষম হবে। অবশ্য এটা অপ্রিয় হলেও সত্য যে বিশ্বের দেশে দেশে নিষ্ঠুর সামরিক-বেসামরিক শাসকদের দ্বারা তাদের নিরীহ নাগরিকদের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ সংঘটনের প্রতিকার দেওয়া জাতিসংঘের পক্ষে প্রায়ই সম্ভব হয় না। তাই সার্বিক বিচারে রোহিঙ্গা প্রশ্নে জাতিসংঘ যে এবার এত দূর আসতে পেরেছে, তা কোনো আটপৌরে ঘটনা নয়। রোম সংবিধির আওতায় আইসিসি এই প্রথম এখতিয়ারবিষয়ক একটি মাইলফলক রায় দিয়েছেন, যার ফলে বিবেকহীন নির্দয় স্বৈরশাসকেরা একটি কঠোর বার্তা পাবে। তারা এখন থেকে এটা ভেবে শঙ্কিত হবে যে গণহত্যা চালালে তার দায়মুক্তি সহজ হবে না। শক্তিধর মোড়লেরাও সব সময় সবকিছু আটকাতে পারবে না।

মিয়ানমার ও তার চিহ্নিত মিত্ররা আইসিসির রায়কে যথারীতি প্রত্যাখ্যান করেছে। কিন্তু তাতে একেবারেই কোনো বিস্ময় নেই। মিয়ানমার আইসিসির পক্ষভুক্ত রাষ্ট্র নয়, শুধু এই কারিগরি যুক্তিতে তারা গণহত্যার মতো একটি ভয়ংকর অপরাধ থেকে দায়মুক্তি আশা করেছিল। তাই বিশ্বের অনেক শান্তিবাদীও কিছুটা দোলাচলে ছিলেন, বিচার করার এখতিয়ারের পক্ষে এই রায় আসবে কি না। তাঁদের দ্বিধার কারণ হয়তো এটাও ছিল যে চীন ও রাশিয়ার মতো কিছু দৃশ্যত অপরিণামদর্শী পরাশক্তি অনেকটা প্রকাশ্যে মিয়ানমারের গণহত্যা সংঘটনকে শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করছে না।

তাই এটা স্বস্তিদায়ক যে মিয়ানমারের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের বিষয়ে এখনই তদন্ত শুরু করতে আইসিসির তিন সদস্যের বিচারক প্যানেল সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছেন। শুধু একজন বিচারক বলেছেন, তদন্ত শুরুর আগে এই পর্যায়ে এখতিয়ার নির্ধারণ প্রশ্ন একাডেমিক। সার্বিক বিচারে আইসিসির আওতায় আইনি প্রক্রিয়া শুরু করা থেকে সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত দেশি-বিদেশি যত ব্যক্তি ও সংস্থা নানাভাবে সহায়তা দিয়েছে, তারা সবাই ধন্যবাদার্হ। সতর্ক থাকতে হবে যে তদন্তপ্রক্রিয়া শুরুর নামে দেশটির অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা শিথিল না হয়, বরং তা আরও কঠোর করতে হবে। রোহিঙ্গাদের মানবেতর শিবিরজীবনের দ্রুত অবসানের বিষয়টি যেন কোনোভাবেই তদন্তের কিংবা তথাকথিত প্রত্যাবাসন শুরুর ডামাডোলে হারিয়ে না যায়।