রোহিঙ্গা প্রশ্নে দ্বিপক্ষীয় আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মিয়ানমারের মন্ত্রী যখন রোহিঙ্গা সমস্যার সমাধানে প্রস্তাব দিচ্ছেন, তখনো রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন ও রোহিঙ্গাদের দেশত্যাগ অব্যাহত ছিল। দেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, সেদিন কয়েক হাজার শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। সেই একই দিন মিয়ানমারে কর্মরত বিদেশি কূটনীতিকেরা রাখাইন রাজ্য সফরের সময় সেখানে ধোঁয়া উড়তে দেখেছেন। বোঝা যায়, ২৫ আগস্ট শুরু হওয়া যে হামলা গণহত্যায় রূপ নিয়েছে, তা এক মাসের বেশি সময় পরও থামেনি। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের আন্তরিকতা আছে, এমন কোনো প্রমাণ দেশটি এখনো রাখতে পারেনি।

এটা পরিষ্কার যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে যথাযথ চাপ ছাড়া মিয়ানমারকে রোহিঙ্গা বা রাখাইন রাজ্যের সমস্যা দূর করতে বাধ্য করা যাবে না। রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে দীর্ঘদিন ধরেই দ্বিপক্ষীয় নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। কিন্তু তা তেমন ফল দেয়নি। এবার নতুন করে পাঁচ লাখের বেশি শরণার্থীর বাংলাদেশে প্রবেশের আগে থেকেই আরও প্রায় সমসংখ্যক শরণার্থীর চাপ বাংলাদেশ বহন করে আসছিল। দীর্ঘদিনেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি।

এবার রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে মাত্রার অত্যাচার-নির্যাতন হয়েছে এবং শরণার্থীরা যেভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বাংলাদেশও ইস্যুটিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতনকে ‘জাতিগত নিধন’, ‘গণহত্যা’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে যে বিশ্বজনমত গড়ে উঠেছে, তা যথাযথভাবে কাজে লাগানো এখন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের যুক্ততার বিষয়টি জরুরি। আন্তর্জাতিক তদারকি থাকলে শরণার্থী ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অতীতের মতো মিয়ানমারের পক্ষে নানা অজুহাত ও গড়িমসি করার কাজটি সহজ হবে না। আমরা মনে করি, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার পাশাপাশি শরণার্থী ফিরিয়ে নেওয়া ও রোহিঙ্গা সমস্যার একটি কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যুক্ততার বিষয়টি নিশ্চিত করার কোনো বিকল্প নেই।