রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসন যেমন চুক্তি হওয়ার দুই মাসেও শুরু করা যায়নি, তেমনি এ নিয়ে অনিশ্চয়তাই দিনে দিনে স্পষ্ট হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে নিশ্চয় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিস্মিত হওয়ার কিছু নেই। কারণ, বাংলাদেশ অবিশ্বস্ত মিয়ানমারের ভিত্তিহীন আশ্বাসের ভিত্তিতে এক দুর্বল চুক্তি করেছিল।

এই দ্বিপক্ষীয় চুক্তির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু চুক্তি বড় কথা নয়, এর বাস্তবায়ন প্রক্রিয়াই আসল কথা। মিয়ানমার নিকটতম প্রতিবেশী এবং এ কারণে তার সঙ্গে একধরনের সম্পর্ক বজায় রাখতেই হবে। কিন্তু এতে সন্দেহ সামান্য যে চুক্তির আগে ও পরে তারা এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যা বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে পারে। ওয়াশিংটন পোস্ট এ সপ্তাহে সাদাকে সাদা ও কালোকে কালো বলে এক সম্পাদকীয় নিবন্ধ ছেপেছে। তারা বলেছে, ‘দেশটি বিশ্বকে দেখিয়ে দিয়ে চলেছে, কত ব্যাপকতা ও দ্রুততার সঙ্গে গণহত্যা সংঘটন করা সম্ভব এবং সে জন্য তার দুর্বৃত্তদের কোনো পরিণাম ভোগের কোনো ব্যাপার নেই।’

মিয়ানমারের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ভুল করেছে কি না, বর্তমান রূঢ় বাস্তবতায় সেটাই মূল বিষয় নয়। যদিও চুক্তি করার সময় ‘রোহিঙ্গা’ শব্দটি বাদ দিয়ে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটা আমাদের ক্ষমতাসীন সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতা নির্দেশ করে। আমাদের এবং মিয়ানমারের অভিন্ন বন্ধুরা কী ভূমিকা পালন করেছে, সেটা আমাদের কাছে খুব পরিষ্কার নয়। কিন্তু আমরা এ ব্যাপারে আশ্বস্ত হতে চাই যে সরকার যেসব বিদেশি রাষ্ট্রকে পরীক্ষিত বন্ধু হিসেবে বিবেচনা করে, তারা কোনো না কোনোভাবে বাংলাদেশকে এই বিপদ থেকে উদ্ধারে সচেষ্ট আছে এবং বাংলাদেশ তাদের সমর্থন আদায়ে সক্ষম হচ্ছে। 

আমরা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের ওপর আস্থা রাখতে চাই, তারা যেন কখনোই দেশটির সামরিক স্বৈরতান্ত্রিক সরকারকে সর্বাত্মকভাবে চাপে রাখার কৌশলে কোনো পরিবর্তন না আনে। কারণ, সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সদাজাগ্রত প্রহরা ছাড়া চুক্তির সময়সীমা কেন, তারা কোনোটিই মানবে না। চুক্তির সবগুলো শর্ত মানতে তাদের বাধ্য করার নীতি অবলম্বন করতে হবে।

জাতিসংঘ দূত ইয়াংহি লি প্রশ্ন রেখেছেন, রোহিঙ্গারা ফিরবে কোথায়? এখন তঁাকে এই প্রশ্নেরও উত্তর পেতে হবে, তারা থাকবে কোথায়? রোহিঙ্গা বিক্ষোভ ও নানা ধরনের ঝুঁকি তৈরির যে আশঙ্কা, তাও দূর করতে হবে।