রোহিঙ্গা শরণার্থী সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিয়ে বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে ভয়াবহ সমস্যার সম্মুখীন, তার কিছুটা চিত্র উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বক্তব্যে। বৃহস্পতিবার প্রশ্নোত্তরে তিনি জাতীয় সংসদকে জানিয়েছেন, রোহিঙ্গারা এখানে নানা অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তাদের কাজকর্ম রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক ভারসাম্য, শ্রমবাজার ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলছে।
এটি খুবই উদ্বেগের কথা। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত ৩৩ হাজার রোহিঙ্গা আছে। কিন্তু মন্ত্রীর ভাষ্যমতে, সাড়ে ৩ থেকে ৪ লাখ অনিবন্ধিত রোহিঙ্গা কক্সবাজারসহ পাঁচটি জেলায় অবস্থান করছে। কক্সবাজার জেলার মোট জনগোষ্ঠীর ২০ থেকে ২৫ শতাংশই অবৈধ এবং তারা মিয়ানমারের নাগরিক। এ ছাড়া বান্দরবানেও বেশ কিছু রোহিঙ্গা আছে। গত বছরের অক্টোবরে মিয়ানমারের সীমান্ত ফাঁড়িতে হামলার পর সামরিক অভিযানে রাখাইনে মুসলিম জনগোষ্ঠীর ওপর ব্যাপক দমন–পীড়ন চালানো হয়। সে সময় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।
রোহিঙ্গা শরণার্থী সমস্যার দুটি দিক আছে। একটি মানবিক, অপরটি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট। রোহিঙ্গারা যে নিজ দেশে জাতিগত নিপীড়নের শিকার, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষাপটে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, বিতাড়িত করেনি। কিন্তু শরণার্থীদের কারণে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটে থাকে, কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়, সেটি মেনে নেওয়া যায় না।
শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চির এনএলডি সরকার ক্ষমতায় আসার পর আশা করা গিয়েছিল যে সেখানকার পরিস্থিতির উন্নতি হবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নেবে। কিন্তু বাস্তবে তার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কফি আনান কমিশনের রিপোর্টও তারা আমলে নিচ্ছে না। রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে বিশ্বসম্প্রদায়েরও দায় আছে। তাদের কর্তব্য হবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা, যাতে দেশটির সরকার জাতিগত নিপীড়ন বন্ধ করে এবং বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়।
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত ফিরিয়ে নিতে বাংলাদেশকেও কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে বুঝিয়ে দিতে হবে যে এটি শান্তির পথ নয়।