রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিপুল জনগোষ্ঠীর উপস্থিতি শুধু খাদ্য, বস্ত্র ও বাসস্থানের দিক থেকেই নয়; পরিবেশ, আইনশৃঙ্খলা, মাদক, চোরাচালান ইত্যাদির দিক থেকেও জাতীয় প্রশাসনের ওপর একটি বাড়তি চাপ তৈরি করেছে। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হলো দেশে আসা রোহিঙ্গাদের নিবন্ধন করে নির্দিষ্ট ক্যাম্প বা স্থানে রাখা। কিন্তু অন্যতম রূঢ় বাস্তবতা হলো এই রোহিঙ্গাদের অনেকেই অধিকতর উন্নত ও নিরাপদ জীবনযাপনের আশায় কিংবা স্থানীয় দালালদের প্ররোচনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার মানিকগঞ্জে ২০ জন রোহিঙ্গা শরণার্থীর একটি দলকে পুলিশ উখিয়ায় পাঠিয়েছে। কক্সবাজারে পুলিশ-র‍্যাবের হাতে কয়েকটি ঘটনায় প্রায় ৩০০ রোহিঙ্গা তাদের অস্থায়ী আশ্রয়স্থল বা শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার সময় ধরা পড়েছে।

তবে এটা মনে করার কারণ নেই যে যঁারাই নির্ধারিত এলাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন, তাঁরা সবাই ব্যর্থ হচ্ছেন। সমাজে অসাধু চক্রের প্রভাব ও শক্তি সম্পর্কে আমাদের যা ধারণা তাতে বলা যায় জনপ্রশাসন যদি এ ক্ষেত্রে সর্বোচ্চ কড়াকড়ি নিশ্চিত করতে না পারে, তাহলে একশ্রেণির রোহিঙ্গা শরণার্থী দেশের বিভিন্ন এলাকায় মিশে যাওয়ার সব রকম চেষ্টাই চালাবে। পুলিশের তরফে ইতিমধ্যে নির্দিষ্ট ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বাড়ি ভাড়া বা আশ্রয় না দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এর কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

প্রায় ৮ থেকে ১০ লাখ রোহিঙ্গাকে অনির্দিষ্ট সময় ধরে তাদের চলাচলের ওপর সার্বক্ষণিক নজরদারি করার বিষয়টি মোটেই সহজ নয়। কিন্তু জাতীয় নিরাপত্তার জন্য বিষয়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই কঠিন কাজটি করতেই হবে। পাশাপাশি কত দ্রুত তাদের দেশে  ফেরত পাঠানো যায়, সে ব্যাপারে তৎপর থাকতে হবে। 

কক্সবাজারে আগে থেকেই লাখ চারেক রোহিঙ্গা শরণার্থী রয়েছে। পরিসংখ্যান বলছে, স্থানীয় লোকজনের চেয়ে রোহিঙ্গাদের জন্মহার প্রায় দ্বিগুণ। অধিক জনসংখ্যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি পরিবেশ ও পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। সরকারের কৌশলপত্রের সুপারিশ অনুযায়ী জন্মহার রোধে তাদের জন্য জন্মনিয়ন্ত্রণ বাধ্যতামূলক করার বিষয়টি নিশ্চিত করতে হবে। আর ভোটার তালিকায় তারা যাতে কোনোভাবেই ঢুকতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।