রোহিঙ্গাদের নিয়ে 'ব্যবসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট দুদিকেই। রোহিঙ্গারা বিতাড়িত ও নির্যাতিত। তাদের ফেরানো যেমন অমানবিক আবার দুর্গম অঞ্চল দিয়ে তাদের আগমন ঠেকানোও অসম্ভব। যারা কোনোভাবে এসে পড়েছে, তাদের নিয়ে কী করা হবে, সেটাই এখন প্রশ্ন। সরকারের অবস্থান ‘দেখি না কী হয়’ আর জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর তাকিয়ে আছে সরকারের সিদ্ধান্তের দিকে। কিন্তু জীবন তো থেমে থাকে না। সোমবারের প্রথমআলোর খবর: কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় একটি চক্র বন বিভাগ ও খাসজমিতে ঘর তুলে রোহিঙ্গাদের কাছে ভাড়া দিচ্ছে। সর্বস্ব হারানো রোহিঙ্গারা যা আছে সব বিক্রি করে সেসব ঘর ভাড়া নিচ্ছে। বাংলাদেশ সরকারের নিষ্ক্রিয় অবস্থারই সুযোগ নিচ্ছে এসব দুর্যোগ-ব্যবসায়ী। বন বিভাগ খোলাখুলি তাঁদের সামলানোর অপারগতা স্বীকার করেছে। দায়িত্ব এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

সরকারি হিসাবে মাত্র ৩৭ হাজার রোহিঙ্গা শরণার্থী তালিকাভুক্ত হলেও ৫ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে বলে বেসরকারি সূত্রগুলো জানাচ্ছে। তাদের তালিকাভুক্ত করা এবং নির্দিষ্ট এলাকার মধ্যে আশ্রয়ণ না করায় শুধু সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক সমস্যাই বাড়ছে না, তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর পথও জটিল হয়ে পড়ছে। সরকার যদি এসব রোহিঙ্গার নাম-ছবি-ঠিকানা নথিবদ্ধ না করে এবং তারা কে কোথায় কীভাবে আছে, সে ব্যাপারে ওয়াকিবহাল না থাকে বা তাদের জন্য আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা না করে, তা হলে পরিস্থিতি জটিল হতেই থাকবে। বাংলাদেশে আসা রোহিঙ্গারা এ দেশের জনস্রোতে মিশে যাবে, তাদের আর শনাক্ত করা যাবে না। আর তা কার্যত মিয়ানমারের রোহিঙ্গা বিতাড়ন কর্মসূচিকেই সাহায্য করবে। ভবিষ্যতে মিয়ানমারে রাজনৈতিক পরিস্থিতির উন্নতি বা এ নিয়ে কোনো আন্তর্জাতিক সমঝোতাও হলে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানো তখন কঠিন হয়ে পড়বে।

দুর্ভাগ্যের শিকার মানুষদের আশ্রয়ণের নামে ব্যবসা বন্ধ করতে হবে। যারা কোনো না কোনোভাবে বাংলাদেশে ঢুকে পড়েছে, তাদের দেখভাল বা অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকার এ ক্ষেত্রে হাত গুটিয়ে বসে থাকলে তার খেসারত যেমন রোহিঙ্গারাও দেবে, তেমনি দিতে হবে বাংলাদেশকেও।