রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সমস্যা মিয়ানমারের তৈরি হলেও তা থেকে মুক্ত নয় বাংলাদেশ। রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমন ও অবস্থান এবং তাদের ফেরত নিতে মিয়ানমারের অস্বীকৃতিতে আমরা উদ্বিগ্ন। আশার কথা, বিশ্ব সম্প্রদায় দেরিতে হলেও সমস্যাটি বুঝতে পারছে। জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে গ্রহণ করায় মিয়ানমারের প্রতি প্রস্তাব পাস হওয়া তাই ইতিবাচক ঘটনা।প্রতিবেশী মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গারা ৫০ বছর ধরে নিপীড়িত হয়ে আসছে। আশির দশকের গোড়ায় নাগরিকত্ব কেড়ে নেওয়ায় তারা আরও অসহায় হয়ে পড়ে। সেই থেকে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঠেলে দেওয়ার নীতি অবলম্বন করে আসছে দেশটি। অতীতে বাংলাদেশ তাদের আশ্রয় দিয়ে এলেও সম্প্রতি এ ব্যাপারে কঠোরতা দেখাচ্ছে। অন্যদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী বলে স্বীকার করে নিলেও তাদের অধিকার রক্ষার রাজনৈতিক চাপ মিয়ানমারকে দিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও মিয়ানমারের এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে কার্যত কিছু করেনি। অথচ বিশ্বের কোনো কোনো দেশের মানবাধিকার প্রশ্নে তাদের অতি সংবেদনশীলতা দেখা যায়। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফরের সময় রোহিঙ্গা সমস্যাটি উত্থাপন করেন। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতভাবে একটি সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটাতে জাতিসংঘের প্রস্তাব নেওয়াই যথেষ্ট নয়, আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন। হতাশার বিষয়, রোহিঙ্গা সমস্যার পরোক্ষ শিকার বাংলাদেশ এ ব্যাপারে জোরদার কূটনৈতিক পদক্ষেপ নিতে পারেনি। বাংলাদেশের উচিত এখানে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে জাতিসংঘের মধ্যস্থতায় মিয়ানমারে ফেরত পাঠানো এবং সেখানে তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করায় নিরন্তর তৎপরতা চালিয়ে যাওয়া। রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের প্রস্তাব পাসের পর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাওয়া সহজ হবে বলেই আমাদের বিশ্বাস। অতএব, রোহিঙ্গা সমস্যার সমাধানে টেকসই রূপরেখা প্রণয়ন এবং তা মেনে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ অব্যাহত রাখার বিকল্প নেই।