নানা আলোচনা-সমালোচনার মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি দলকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে এখন পর্যন্ত এ-সংক্রান্ত যেসব খবর পাওয়া গেছে, তাতে প্রাথমিকভাবে কাজটি সফলভাবে করা গেছে। সামগ্রিকভাবে রোহিঙ্গা সংকট ও শরণার্থী ব্যবস্থাপনার কিছু দিকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে রোহিঙ্গা সমস্যার দায় কোনোভাবেই বাংলাদেশের নয়। নির্যাতন ও নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক আচরণ দেখিয়েছে, তা বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি কেড়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়টি সাময়িক এবং যত দ্রুত সম্ভব তাদের নিরাপদে, প্রয়োজনীয় নিরাপত্তাসহ মিয়ানমারে ফেরত পাঠানোই বাংলাদেশের লক্ষ্য। বাস্তবতা হচ্ছে সেই উদ্যোগে সফলতা নেই এবং বোঝা যাচ্ছে, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সময় লাগবে। ফলে বাংলাদেশকে কিছু ব্যবস্থাপনাগত উদ্যোগ নিতে হচ্ছে এবং রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে পাঠানো তারই অংশ।
সরকারের এ উদ্যোগের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে কিছু বিরোধিতা হয়েছে। স্বেচ্ছায় স্থানান্তরসহ ভাসানচরের কিছু সুযোগ-সুবিধার ব্যাপারে তাদের উদ্বেগ রয়েছে। আমরা মনে করি, বিষয়টি সহজেই সমাধানযোগ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থায় নিয়েই ভাসানচরে স্থানান্তরের কাজটি শেষ করা সম্ভব। প্রাথমিকভাবে যে ১ হাজার ৬৪২ জনকে ভাসানচরে নেওয়া হয়েছে, সেখানে জোরজবরদস্তির কোনো খবর পাওয়া যায়নি। ভাসানচরে গিয়ে রোহিঙ্গাদের প্রাথমিক যে ধারণা হয়েছে এবং এ-সংক্রান্ত যেসব খবর সংবাদমাধ্যমে এসেছে, তাকে ইতিবাচক বলেই বিবেচনা করতে হচ্ছে। প্রথম আলোর খবর অনুযায়ী স্থানান্তরিত রোহিঙ্গারা সেখানে তাদের জীবন শুরু করার উদ্যোগ নিচ্ছে।
রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে স্থানান্তরের প্রথম উদ্যোগ দৃশ্যত সফল হওয়ায় সরকারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থায় আনার কাজটি সহজ হবে। একই সঙ্গে সরকারের উচিত হবে ভাসানচরে রোহিঙ্গাদের জীবন-জীবিকা ও চিকিৎসা-সুবিধাসংক্রান্ত যে সমস্যার কথাগুলো আলোচিত হচ্ছে, সেগুলো দূর করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া। সরকার এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইতে পারে এবং তাদের সাহায্য-সহযোগিতা নিয়েই এ সমস্যাগুলোর সমাধান সম্ভব।
কক্সবাজার ও টেকনাফের শিবিরগুলোতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ। সেখান থেকে এক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা সম্ভব হবে। সামনে পর্যায়ক্রমে যাদের আনা হবে, সেখানে যেন কোনো জোরজবরদস্তির ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করতে হবে। কক্সবাজারের শিবিরগুলোর চেয়ে ভাসানচরের সুযোগ-সুবিধা নিশ্চিতভাবেই বেশি। এরপরও নানা বিবেচনায় অনেকেই সেই শিবিরগুলো ছেড়ে আসতে না-ও চাইতে পারে। এ পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালিয়ে এবং ভাসানচরে গেলে কী কী সুবিধা মিলবে, সেটা তুলে ধরে রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় আসতে চায়, সেই পরিস্থিতি তৈরি করতে হবে।
এটা মানতেই হবে যে ১১ লাখ রোহিঙ্গার মধ্যে মাত্র এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর কক্সবাজার-টেকনাফের পরিস্থিতির তেমন কোনো হেরফের ঘটাবে না। এ শিবিরগুলোর কারণে সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, স্থানীয় জনগণের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ ঘটছে। কিছু রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর সমস্যার তুলনায় খুবই স্বল্পমাত্রার ব্যবস্থাপনাগত উদ্যোগ মাত্র।
রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব মিয়ানমারে ফেরত পাঠানোই সংকট সমাধানের একমাত্র পথ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ উদ্যোগ কাজে দিচ্ছে না। এটা পরিষ্কার, জাতিগত নির্মূলের পরিকল্পিত লক্ষ্য নিয়েই মিয়ানমার সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ও বর্বরতা চালিয়েছে, নারীদের ধর্ষণ করেছে, ঘরবাড়ি পুড়িয়ে তাদের দেশত্যাগে বাধ্য করেছে। রোহিঙ্গাদের আবার ফেরত নেওয়ার কথা মাথায় রেখে তারা এ কাজ করেনি। একমাত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপই মিয়ানমারকে এ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করতে পারে। নানামুখী ও কার্যকর কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই তা অর্জন করা সম্ভব।