সব মৃত্যুই শোকের। কিন্তু কিছু কিছু মৃত্যু বৃহত্তর সমাজ ও রাষ্ট্রকেও নাড়া দিয়ে যায়। সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যুও সে রকমই একটি ঘটনা। গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনাকালে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। তাঁর মাথাসহ সারা শরীরে স্প্লিন্টারের আঘাত লাগে। এরপর তাঁকে রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
র্যাবের আহত গোয়েন্দাপ্রধান মারা গেছেনসিলেটে অভিযানের সময় বোমা বিস্ফোরণে এ নিয়ে মোট সাতজন মারা গেলেন। তাঁদের মধ্যে ঘটনার দিনই দুই পুলিশ কর্মকর্তা ও চারজন বেসামরিক ব্যক্তি মারা যান। এই মৃত্যু কেবল পরিবার নয়, সমগ্র দেশবাসীর জন্যই অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁদের মৃত্যুতে গভীর শোক এবং স্বজনদের প্রতি জানাই অকুণ্ঠ সহমর্মিতা। লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যু গত বছর হলি আর্টিজানে জঙ্গিবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তার আত্মবিসর্জনের কথাও মনে করিয়ে দেয়। এর আগে ও পরে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বহু সাধারণ মানুষের জীবনহানি ঘটেছে।
বাংলাদেশে জঙ্গি সমস্যা নতুন না হলেও ইদানীং এই অপশক্তি মরিয়া হয়ে উঠেছে। সাম্প্রতিক কালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বেশ কিছু জঙ্গি মারা পড়লেও তাদের নতুন নতুন আস্তানার সন্ধান আমাদের যারপরনাই উদ্বিগ্ন করে। অভিযান পরিচালনা করতে গিয়ে আবুল কালাম আজাদের মতো মূল্যবান জীবনও ঝরে যাওয়া দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি। এই ক্ষতিকে কোনোভাবেই বাড়তে দেওয়া যায় না।
ভবিষ্যতে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যেমন আরও বেশি সজাগ থাকতে হবে, তেমনি বিষয়টি কেবল আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে না দেখে এর বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক জাগরণ তৈরিও সময়ের দাবি বলে মনে করি।