চট্টগ্রাম আদালত ভবনে বোমা হামলার ঘটনার বয়স ১০ হলো, কিন্তু গত দেড় বছরে কোনো সাক্ষীই হাজিরা দেননি আদালতে। ফলে ঝুলে আছে পুলিশের কনস্টেবলসহ দুই ব্যক্তি হত্যার নাশকতার বিচারকাজ। সাক্ষী ছাড়া বিচার-প্রক্রিয়া সম্পন্ন হওয়া কঠিন। এই সাক্ষীদের মধ্যে রয়েছেন র্যা ব, পুলিশ ও চিকিৎসক। মামলার সুরাহার জন্য এঁদের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ, অথচ আদালত সমন দিলেও তাঁদের হাজির করা যাচ্ছে না।
এটি ছিল আলোচিত একটি বোমা হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা। জেএমবির জঙ্গিরা এতে জড়িত বলে অভিযুক্ত হয় এবং পুলিশ বেশ কয়েকজনকে আটকও করে। যিনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আদালতে অভিযোগপত্র দেন, তিনি সাক্ষীও বটে। এর বাইরে রয়েছেন পুলিশের আরও ১৫ জন সাক্ষী। রয়েছেন নিহত ব্যক্তিদের ময়নাতদন্তকারী চিকিৎসক। কী কারণে তাঁরা আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে ব্যর্থ হচ্ছেন, সেটা খতিয়ে দেখা দরকার। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছে।
জেএমবির এই বোমা হামলার ঘটনার মামলা নিয়ে যা ঘটছে, তা নানা প্রশ্নের জন্ম দেয়। কেননা, ঘটনার ছয় মাস পরে অভিযোগপত্র দেওয়া হয়। ধৃত দুই আসামির একজন ত্রিশালে পুলিশের ভ্যান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। গত ১০ বছরে ৭৭ জন সাক্ষীর মধ্যে মাত্র ২৮ জনের সাক্ষ্য নিতে পারা হতাশাজনক। এদিকে পুলিশ-র্যাব ও চিকিৎসক তিন পদের সাক্ষীই সরকারি পেশায় রয়েছেন। তাঁদের আচরণ তো অন্যদের মতো হওয়ার কথা নয়!
চট্টগ্রামের পুলিশ ম্যাজিস্ট্রেসি সভায় অভিযোগপত্রে সাক্ষীদের ফোন নম্বর দেওয়া এবং সংশ্লিষ্ট থানায় সাক্ষীদের সবার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শেষ বিচারে সাক্ষীদের অভয় দেওয়ার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অন্য কোনো বাধা রয়েছে কি না, সেটা খতিয়ে দেখায় আদালতও ভূমিকা পালন করতে পারেন।
এ ধরনের একটি জন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলা ১০ বছর ধরে ঝুলে থাকা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।