র্যাব সদস্যদের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় চৌকস বাহিনী হিসেবে পরিচিত র‌্যাবের ১৬/১৭ সদস্যের মৃত্যুদণ্ড যে সত্যটি সামনে নিয়ে এসেছে, তা হলো, কেউ অপরাধ করলে তাঁকে শাস্তি পেতে হবে। গত সোমবার রায়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য এই রায় একটি সতর্কবার্তা হয়ে থাকবে। যাঁরা দুষ্কর্ম করবেন, তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোন বা অন্য যে-ই হোন, ছাড় পাবেন না।
দুই বছর সাত মাস আগে নারায়ণগঞ্জে সংঘটিত সাত খুনের ঘটনাটি নিছক ব্যক্তিবিশেষের অপরাধ হিসেবে দেখা যাবে না। এখানে ব্যক্তির চেয়েও র্যাবের মতো একটি সুশৃঙ্খল বাহিনীর একটি পুরো ইউনিট হত্যার মতো ঘৃণ্য অপরাধে জড়িত ছিল। সরকারের যেকোনো বাহিনীর দায়িত্ব রাজনৈতিক ও অরাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধ ও অপরাধী চক্র দমন করা। নারায়ণগঞ্জে যে রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা, তাদের হয়েই দুষ্কর্মে লিপ্ত হয়েছিলেন র্যাবের পদাধিকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে রাজনৈতিক দুর্বৃত্তদের এই আঁতাত কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা আমরা দেখলাম সাত খুনের ঘটনায়।
সাত খুন মাফ নয়, ২৬ জনের ফাঁসিস্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে মনে হতে পারে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা এই প্রথম কোনো হত্যাকাণ্ড সংঘটিত হলো। এর আগেও এই বাহিনীর সদস্যেদর কারও কারও বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজিসহ নানা ধরনের অভিযোগ উঠলেও বিচার হয়েছে খুব কমই। সংশ্লিষ্টদের মতে, নারায়ণগঞ্জের ঘটনাটি এতটা অকাট্য তথ্য-প্রমাণসমেত ধরা পড়েছে, যা আড়াল করা সম্ভব হয়নি। এ ছাড়া গণমাধ্যম ও আইনজীবীদের সাহসী ভূমিকাও অপরাধীদের আইনের আওতায় আনতে সহায়তা করেছে।
নারায়ণগঞ্জের ঘটনা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজস্ব শৃঙ্খলা, তদারকি ও জবাবদিহির ক্ষেত্রে ঘাটতির বিষয়টিকে তুলে ধরেছে। ‘অপরাধ করলে সবাইকে শাস্তি পেতে হবে’— এই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে সব সময় কাজ করে না। এসব বাহিনীর কোনো সদস্য বা সদস্যদের ব্যক্তিগত অপকর্ম ঢাকতে অনেক সময় পুরো বাহিনীকেই তৎপর দেখা যায়। যা কার্যত পুরো বাহিনীর ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করে। অথচ বাহিনীর স্বার্থেই কেউ কোনো অন্যায়ে জড়িয়ে পড়লে তাদের শাস্তির ব্যবস্থা করা উচিত।
এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজ তদারক বা নজরদারির জন্য একটি স্বাধীন সংস্থার কথা ভাবা প্রয়োজন। প্রতিষ্ঠানটি হবে অনেকটা ন্যায়পালের মতো। অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তারাও সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর নজর রাখবে।