র‍্যাব হেফাজতে হানিফের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর মো. হানিফ মৃধার মৃত্যু ও এ নিয়ে তাঁর পরিবারের তরফে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, সেই রহস্য ভেদ হওয়া জরুরি। পরিবারের পক্ষ থেকে এক বন্ধুসহ হানিফের নিখোঁজ হওয়া ও পরবর্তী ঘটনপ্রবাহের যে বিবরণ পাওয়া গেছে, তা খুবই গুরুতর।

র‍্যাবের হেফাজতে গত শুক্রবার মারা যাওয়া হানিফ মৃধা গত ২৭ ফেব্রুয়ারি তাঁর বন্ধু মো. সোহেল হোসেনসহ অপহরণের শিকার হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। কাঁচপুর সেতুর নিচে লঞ্চ থেকে নামার পর নিজের গাড়িতে ওঠার সময় ডিবি পুলিশের পরিচয়ে তাঁদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়। তারা হানিফের গাড়িটিও নিয়ে যায়। রাতেই হানিফ মৃধার রায়েরবাজারের বাসায় কয়েকজন হাজির হয়ে তল্লাশি চালায় ও সেই বাসা থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায়। এ নিয়ে ৪ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরিবারের তরফে আরও গুরুতর অভিযোগ হচ্ছে, ১৫ মার্চ হানিফকে নিয়ে কয়েকজন লোক বাসায় গিয়ে ৬ লাখ ৭০ হাজার টাকার চেক সই করিয়ে নেয়। আর এর দুই দিন পরেই হানিফের মৃত্যু ঘটে র‍্যাবের হাতে আটক অবস্থায়।

এখন প্রশ্ন হচ্ছে, ২৭ ফেব্রুয়ারি অপহরণের শিকার হওয়া হানিফ র‍্যাব হেফাজতে মারা গেলেন কীভাবে? এর আগে তিনি তবে কাদের হাতে ছিলেন? কারা তাঁর বাসায় গিয়ে তল্লাশি চালাল, মোটরসাইকেল নিয়ে গেল বা পরে হানিফকে সঙ্গে করে নিয়ে চেক পর্যন্ত সই করিয়ে আনল? পরিবারের পক্ষ থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, পরবর্তী ঘটনাপ্রবাহ ও র‍্যাব হেফাজতে হানিফের মৃত্যু—পুরো ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধ যথাযথ ব্যবস্থা নিতে হবে। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এটা প্রমাণ করতে হবে যে পরিবারের অভিযোগ অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি হানিফকে তুলে নেওয়া, পরবর্তী ঘটনাপ্রবাহ বা চেক লিখে নেওয়ার ঘটনার সঙ্গে তাদের বাহিনীর কেউ জড়িত নন। তবে সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে কারা এই শক্তিশালী অপহরণকারী চক্র, তাদের খুঁজে বের করা।

এটা কোনো কঠিন কাজ হওয়ার কথা নয়, পরিবারের অভিযোগগুলো ও সিসি ক্যামেরার ফুটেজ বিবেচনায় নিয়ে তদন্ত শুরুর উদ্যোগ নিতে হবে। ব্র্যাক ও ডাচ্‌-বাংলা ব্যাংকের চেকগুলোর কী হলো? সেগুলো ভাঙানো হয়ে থাকলে কারা কাজটি করেছে, তা বের করা গেলে জড়িত ব্যক্তিদের সহজেই চিহ্নিত করা যাবে। পাশাপাশি এখনো নিখোঁজ হানিফের বন্ধু সোহেলকে খুঁজে বের করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এর রহস্য ভেদ জরুরি।