গত ২ জুন রাঙামাটির এক যুবলীগ নেতার মৃত্যুকে কেন্দ্র করে লংগদুর তিনটি পাহাড়ি গ্রামে যারা আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালিয়েছিল, আক্রান্ত পাহাড়ি জনগোষ্ঠীর দৃষ্টিতে তারা এত ভয়ংকর যে তাদের ভয়ে ঘরছাড়া মানুষগুলো এক মাস পরও নিজ নিজ ঘরে ফিরতে পারেনি।
তিনটি পাহাড়ি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে; সন্ত্রাস ও লুটপাটের রোমহর্ষক ঘটনা আক্রান্ত পাহাড়ি জনগোষ্ঠীকে শুধু ঘর ছাড়তেই বাধ্য করেনি, তাদের মনে প্রচণ্ড ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। কারণ, তারা মনে করছে, তাদের ওপর এই আক্রমণ ছিল পাহাড়িদের বিরুদ্ধে বহিরাগত বসতি স্থাপনকারীদের (সেটলার) সংঘবদ্ধ আক্রমণ। তারা অভিযোগ করেছে, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীসহ অপাহাড়ি বসতি স্থাপনকারীদের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এককাট্টা হয়ে পাহাড়িদের ওপর হামলা চালিয়েছেন; এমনকি তাদের অভিযোগ, আক্রমণকারীদের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সহায়তা ছিল।
আমাদের বিবেচনায় পাহাড়ি জনগোষ্ঠীর এই ধারণা, মনোভাব বা অনুভূতি গভীর উদ্বেগের বিষয়। কেন ও কীভাবে তাদের মনে এমন ধারণা ও অনুভূতি সৃষ্টি হয়েছে এবং কীভাবে তা দূর করা যায়, তা খুব গুরুত্বের সঙ্গে ভেবে দেখা প্রয়োজন। কেননা পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও স্বাভাবিক সম্প্রীতিময় জীবনযাপন সম্ভব হবে না যদি বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক ক্ষোভ বা বিরোধাত্মক মনোভাব কাজ করে। পাহাড়ি জনগোষ্ঠী যেন বসতি স্থাপনকারীদের দ্বারা আক্রান্ত বা কোণঠাসা বোধ না করে, সেটা নিশ্চিত করতে স্থানীয় সরকারি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যেন তাদের মনে না হয় যে তাঁরা নিরপেক্ষভাবে আইনের যথার্থ প্রয়োগ ঘটাচ্ছেন না।
লংগদুর তিন গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত পাহাড়িরা দাবি করছে, আসামিদের বিচার দ্রুত সম্পন্ন করে শাস্তি নিশ্চিত করা হোক। এই দাবি যুক্তিসংগত। সরকারের উচিত দ্রুত বিচার সম্পন্ন করে পাহাড়িদের মনে এই বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করা যে তাদের বিরুদ্ধে অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই।
আর গ্রামছাড়া পাহাড়িদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যেন তারা নির্ভয়ে ঘরে ফিরতে পারে। তাদের ঘরবাড়ি তৈরিসহ সার্বিক পুনর্বাসনের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।