লংমার্চের পক্ষ-বিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ আজ এমন এক ক্রান্তিকাল পার করছে, যখন আন্দোলনরত সব পক্ষকে আত্মসংযম ও পরস্পরের সমানাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি অগ্নিপরীক্ষা। নানা কারণে পরিস্থিতি অধিকতর সংবেদনশীল। এই সংবেদনশীলতাকে অগ্রাহ্য করে কোনো কর্মসূচি মোকাবিলা করা ঝুঁকিপূর্ণ। শক্তি প্রয়োগের চেয়ে অনেক বেশি দরকার কৌশলী হওয়া। হেফাজতে ইসলামের সমাবেশ অনুমোদিত। সুতরাং এর শান্তি রক্ষার মুখ্য দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই।গতকাল লালবাগে হেফাজতে ইসলাম প্রেস ব্রিফিংয়ে তাদের সমালোচনাকারী আলেমদের ‘হাক্কানি নয়, কিছুসংখ্যক চিহ্নিত’ ব্যক্তি বলে মন্তব্য করেছে। মিডিয়াকর্মীদের ওপর হামলাকারীরা তাৎক্ষণিকভাবে ছাত্রলীগের বলে উল্লেখ করা হয়। আমাদের কলহপ্রিয় রাজনীতিকেরা সাধারণত এভাবেই প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে ঢালাও মন্তব্য করতে অভ্যস্ত। কিন্তু আলেম-মাশায়েখদের কথাবার্তা ও আচার-আচরণে নম্রতা প্রত্যাশিত। আজকের সমাবেশে সংশ্লিষ্ট সবাই সে বিষয়ে সজাগ থাকবেন আশা করি।প্রচলিত আইন ও ইসলামি আদর্শ কোনোটিই সহিংসতা, নাশকতা এমনকি জনদুর্ভোগ সৃষ্টি সমর্থন করে না। আর এটা সব পক্ষের জন্য সমানভাবে সত্য। সন্দেহ নেই, ইতিমধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার দায়দায়িত্ব অনেকটাই ক্ষমতাসীনদের ওপর বর্তায়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে তারা দেশের প্রধান বিরোধী দলের সঙ্গে অহেতুক দূরত্ব ও অবিশ্বাসের ব্যাপ্তি বাড়িয়েছে। এখনো তারা সব প্রতিপক্ষকে এক পাল্লায় মাপার প্রবণতা দেখাচ্ছে।বাংলাদেশ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট অনেক সমস্যা মোকাবিলা করেছে। কিন্তু এ দেশ কখনো তার পবিত্র ধর্মের হেফাজত নিয়ে সমস্যায় পড়েনি। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতাদের বিচারে দলটি অসন্তুষ্ট। তারা এই বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া এবং বিচার বন্ধ করতে অবস্থান নিয়েছে। ধর্মের নাম করে একাত্তরের যুদ্ধাপরাধ সংঘটন যে ইসলামের সবচেয়ে অবমাননা, তা বলার অপেক্ষা রাখে না।শত শত বছর ধরে বাংলাদেশের সাধারণ জনগণ ধর্মভীরু ও ধর্মপ্রাণ জনগোষ্ঠী হিসেবে শান্তিতে বসবাস করে আসছে। শাসকগোষ্ঠী এবং সময়ে সময়ে বিভিন্ন মহল ও গোষ্ঠী কখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কখনো অজ্ঞতাবশত, কখনো অসতর্কতায় ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মহানবী (সা.)-এর আদর্শ ভুলে তারা ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করেছে। হানাদার বাহিনী ও তার এদেশীয় দোসররা বাঙালির ভাষা ও স্বাধিকার আন্দোলনকে স্তব্ধ করে দিতেও পবিত্র ধর্মকে ব্যবহার করেছে।আমরা আশা করব, একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের জনগণের যে চিরায়ত ভাবমূর্তি, তা যেন কোনোক্রমেই ক্ষতিগ্রস্ত না হয়। এ বিষয়ে বর্তমানে রাজপথে যাঁরাই যে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সক্রিয় আছেন, শান্তিরক্ষার স্বার্থে তাঁদের প্রত্যেককে ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখতে হবে, পক্ষ-বিপক্ষ সবাই এ দেশের মানুষ। রক্তপাত কিংবা বিশৃঙ্খলায় কেউ জয়ী হবেন না। অতএব শান্তির পক্ষে সবাইকে অবস্থান নিতে হবে।