লংমার্চের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ইতিহাসের বৃহত্তম লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া একটি মাইলফলক ঘটনা। হাজার হাজার মানুষ পায়ে হেঁটে মহাসমাবেশে হাজির হন। ধর্মের অবমাননাসংক্রান্ত কোনো অপতৎপরতা বরদাশত করা চলে না এবং তা প্রচলিত আইনেই বিচার্য। কিন্তু যেসব দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে, তার গ্রহণযোগ্যতা নিয়ে পাকিস্তান আমল থেকেই বিতর্ক রয়েছে। বাংলাদেশের গত নয়টি সংসদ নির্বাচনে এমন কোনো দাবি ওঠেনি, যা একান্তভাবে ধর্মভিত্তিক। বরং সংকীর্ণ অর্থে ধর্মকে ব্যবহারের অভিযোগ রয়েছে। পতিত স্বৈরশাসক জেনারেল এরশাদ ধর্মকে ব্যবহার করে পার পাননি। সুতরাং ক্ষমতাসীনদের এগোতে হবে বুঝেশুনে। বিরোধী দলেরও উচিত হবে না এটাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করা। তাদের মনে রাখতে হবে, ধর্মভিত্তিক কোনো দলই ভোটের রাজনীতিতে সুবিধা করতে পারেনি।আপাতত চ্যালেঞ্জ হলো শান্তিতে কর্মসূচি পালন করা। সাংগঠনিকভাবে নবীন হলেও এত বড় একটি কর্মসূচি পালনে হেফাজতে ইসলাম বেশ পরিপক্বতার পরিচয় দিয়েছে। নানা ধরনের সহিংসতা ও নাশকতার আশঙ্কা করা হয়েছিল। কিন্তু বিচ্ছিন্ন দু-একটি দুঃখজনক ঘটনা ছাড়া এ কর্মসূচি ভালয় ভালয় শেষ হয়েছে। লংমার্চের পক্ষ-বিপক্ষের আদর্শগত অবস্থান পরস্পরবিরোধী ছিল। পাল্টাপাল্টি দলীয় কর্মসূচির সঙ্গে আমরা পরিচিত। গতকালের পর্বটি ছিল অবশ্য ভিন্ন মেজাজের। হেফাজতে ইসলাম ও ২৭ সংগঠনের নেপথ্যে যথাক্রমে বিএনপি-জামায়াত এবং আওয়ামী লীগের মদদ থাকার অভিযোগ আছে। সন্দেহ নেই, এসব কর্মসূচি পালনে সাধারণ মানুষকে যথারীতি হয়রান হতে হয়েছে।মনে হচ্ছে, আগামী সপ্তাহগুলোতে দেশজুড়েই আন্দোলন-বিক্ষোভ চলতে থাকবে। তবে আমরা নীতিগতভাবে কোনো হরতালই সমর্থন করি না। কেননা এ ধরনের কর্মসূচি জনদুর্ভোগ বাড়ায় এবং সংঘাত-সংঘর্ষের জন্ম দেয়। আগামী ৫ মে পর্যন্ত দাবি আদায়ের যেখানে আলটিমেটাম রয়েছে, সেখানে একটি পূর্ণ দিবস হরতাল পালন করার যৌক্তিকতা কী? আমরা সরকারি প্রশাসনকে বরাবর নিরপেক্ষ অবস্থানে দেখতে চাই। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচি পালনে সরকারি দলের মিত্রদের জন্য এক নীতি এবং প্রতিপক্ষের জন্য আরেক নীতি কখনোই কাম্য নয়। দল থেকে জনপ্রশাসন, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থাকে আলাদা করতে হবে। প্রতিবাদ করার সুযোগ-সুবিধা প্রদানে রাষ্ট্রকে সমতার নীতি নিশ্চিত করতে হবে। এটা করতে ব্যর্থ হলে সরকারকে তার জন্য বাড়তি মাশুল দিতে হবে। এ কথা মনে করার কারণ নেই যে, আগামী দু-এক মাসের মধ্যে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর দাবিদাওয়া উত্থাপন এবং তা অর্জনের বিষয়গুলোর নিষ্পত্তি ঘটবে। সুতরাং জনসংখ্যার চাপ, সভা-সমাবেশ করার জন্য স্থান সংকুলানের অভাব, দেশজুড়ে অব্যাহত যানজট ইত্যাদি বিবেচনায় নিয়ে সকল পক্ষকে জনসাধারণের দুর্ভোগ যথাসম্ভব ন্যূনতম রেখে কর্মসূচি পালনে দায়িত্বশীল হতে হবে।