আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে হলে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় কিংবা পরাজয় যা-ই আসুক না কেন, তা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে।
প্রচারণা ও জনসংযোগ পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে; এটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এ পর্যায়ে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধির প্রতি অনুগত থাকা একান্ত প্রয়োজন। এ জন্য আচরণবিধির সব শর্ত প্রার্থীদের ভালোভাবে জেনে নেওয়া উচিত। ঢাকা ও চট্টগ্রামে একাধিক মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। নির্বাচন কমিশন কোনো কোনো প্রার্থীকে ইিতমধ্যে সতর্ক করে দিয়েছে। ভবিষ্যতে সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন আশা করি। তবে নির্বাচন কমিশনেকও শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। আমরা কোনো প্রার্থী বা তাঁর সমর্থকদের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করি না। আশা করি, এই ঘটনা থেকে অন্য সব প্রার্থী সতর্ক হবেন। তাঁদের আরও লক্ষ রাখতে হবে তাঁদের অতি-উৎসাহী সমর্থকেরা যেন এমন কিছু না করেন, যার ফলে আচরণবিধি লঙ্ঘিত হয়। শক্তি বা প্রতিপত্তি প্রদর্শনের পরিবর্তে বিনয় প্রদর্শনের দ্বারা ভোটারদের মন জয় করার চেষ্টা বেশি ফলপ্রসূ হতে পারে। রাস্তাঘাটে জনসাধারণের চলাচলে বিঘ্ন ও ভোগান্তি সৃষ্টি না করে ঘরে ঘরে জনসংযোগ করা ভালো।
নির্বাচনী আচরণবিধি প্রথমত স্বতঃস্ফূর্তভাবে মেনে চলার বিষয়। সবাই তা মেনে চললেই নির্বাচন সর্বজনীনভাবে সুষ্ঠু ও সুন্দর হতে পারে। তবে এটা শুধু প্রার্থীদের সদিচ্ছার ওপর ছেড়ে দিলেও চলবে না। নির্বাচন কমিশনকে অবশ্যই সতর্কভাবে সব প্রার্থীর আচরণ পর্যবেক্ষণ করতে হবে। যাঁরা আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের দলীয় পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তির প্রতিটি ঘটনা অন্য প্রার্থীদের সতর্ক করবে। তবে সবচেয়ে ভালো হয়, সব প্রার্থী যদি নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে আচরণবিধি মেনে চলেন, নির্বাচন কমিশনকে কারও বিরুদ্ধে নোটিশ দিতে না হয়।