ভিআইপি কয়েদি বা দণ্ডিত প্রভাবশালীদের দিনের পর দিন হাসপাতালের কেবিন দখল করে রাখার ঘটনাগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চারটি বড় হাসপাতালে প্রভাবশালী আসামিদের সন্দেহজনক ‘দীর্ঘকালীন চিকিৎসা’ প্রমাণ দিচ্ছে যে এই অনিয়মটা একটা গর্হিত রেওয়াজে পরিণত হয়েছে।
বড় হাসপাতালগুলোকে যদি চাপের মুখে অনিয়ম করতে বাধ্য করা হয়, তাহলে সেই অনিয়ম দিনে দিনে মহিরুহে রূপ নেবে। বড় হাসপাতালগুলোতে জরুরি অস্ত্রোপচার দরকার—এমন রোগীদের জন্য একটি কেবিন পেতে মন্ত্রী–এমপিদের তদবিরও সব সময় অব্যর্থ হয় না। সেখানে ‘ঘাড়ে-পিঠে’ ব্যথা নিয়ে মাসের পর মাস কেবিন দখল করায় শুধু যে আইনের চোখে সমতার নীতির বিচ্যুতি ঘটে তা-ই নয়, বহু জরুরি রোগীর সময়মতো যথাযথ চিকিৎসায় বিঘ্নও ঘটে। এতে কারও জীবন সংকটাপন্ন হতে পারে, যা মানবাধিকারের লঙ্ঘন।
কারা প্রশাসন থেকে শুরু করে জনপ্রশাসনের যাঁরাই এসব আসামির পক্ষে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার সুপারিশ করেন, তাঁদের অনেকেই যে চাপ বা প্রভাবের মুখে নতিস্বীকার করেন বা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন, তাতে সন্দেহের অবকাশ কম। আর যাঁরা হাসপাতালে মাসের পর মাস নানা ওজর–আপত্তি দেখিয়ে থাকছেন, তাঁদের অধিকাংশের আত্মীয়স্বজন বাইরে বিভিন্ন প্রভাবশালী অবস্থানে বহাল রয়েছেন। তাঁদের নৈতিকতার প্রশ্নও তাই অগ্রাহ্য করা চলে না।
সুতরাং, উপযুক্ত কর্তৃপক্ষের এই প্রশ্ন তোলা উচিত যে ভিআইপিদের কেবিন দখলের ঘটনায় তাঁদের সুপরিচিত আত্মীয়স্বজনের কোনো অদৃশ্য ইঙ্গিত আছে কি না। এটা অবশ্যই একটা বড় মাপের বিশৃঙ্খলা ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা, যা প্রতিকারহীনভাবে সবার চোখের সামনে ঘটছে। ভিআইপি অভিযুক্তরা জামিন পেতে অভ্যস্ত, এখন তাঁরা যেন হাসপাতালকে জামিনের বিকল্প করে নিয়েছেন।
প্রধানত কারা কর্তৃপক্ষকেই এত বড় অনিয়মের দায় নিতে হবে। কারাগারের চিকিৎসায় তাদের অনাস্থার একটা জবাবদিহি দরকার। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ‘সন্দেহভাজন’ ভিআইপিদের অবিলম্বে কারাগারে ফিরিয়ে নিতে হবে।
আরও্ পড়ুন:
জেলখানার বদলে তাঁরা হাসপাতালে