ঘনবসতিপূর্ণ বাংলাদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সংখ্যা আরও বাড়ল। বৃহস্পতিবার পড়ন্ত বেলায় সাতজন—পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এখন মন্ত্রিসভার সদস্য দাঁড়াল ৫৩, অর্ধশতের সামান্য বেশি। ‘শপথ নেওয়ার পর মন্ত্রিসভার নতুন সদস্যরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে এসে তাঁদের সালাম জানান। মুজিবুল হক, আবদুল হাই ও ওমর ফারুক চৌধুরী সালাম করেন পা ছুঁয়ে।’ [সমকাল]বাংলাদেশের জন্মের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়, তাতে মন্ত্রী ছিলেন ১১ জন। বর্তমান মন্ত্রিসভার চেয়ে ৪২ জন কম। বাহাত্তরের মন্ত্রিসভার চেয়ে ২০১২-এর মন্ত্রিসভা পাঁচ গুণ বেশি বড় ও শক্তিশালী। কেবিনেটের সঙ্গে মন্ত্রী পদমর্যাদার আধা ডজনের মতো উপদেষ্টা যোগ দিলে মোট সংখ্যা দাঁড়ায় ৬০।বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সমন্বয়ে অখণ্ড ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয় ১৯৪৬ সালে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে। তাতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ছিলেন ১৩ জন। নেহরু, সর্দার প্যাটেলসহ কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন সাতজন। মুসলিম লীগের পক্ষ থেকে ছিলেন ছয়জন—লিয়াকত আলী খান, গজনফর আলী, ইসমাইল ইব্রাহিম চুন্দ্রীগড়, আবদুর রব নিশতার ও যোগেন্দ্রনাথ মণ্ডল। পেশোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তীর্ণ ভারতবর্ষ শাসন করেছেন ১৩ জন মন্ত্রী। কম্পিউটারের নামও তখন কেউ শোনেনি। ঝরঝরে টাইপরাইটার দিয়ে খটখট করে কাজ করতে হতো। দিল্লি থেকে ডাকে পাঠানো চিঠি দিনাজপুরে পৌঁছাত সাত দিন পরে। রাস্তাঘাট ছিল অনুন্নত। পাজেরো, বিএমডব্লিউ প্রভৃতি ছিল না। ঢাকা থেকে ধামরাই যেতে লাগত পুরো এক দিন। সেলফোন শব্দটি তখনো আবিষ্কৃত হয়নি। মন্ত্রী যে তাঁর এলাকার ক্যাডারদের সঙ্গে ঘণ্টায় ঘণ্টায় যোগাযোগ রাখবেন, সে উপায় ছিল না। পাকিস্তান প্রতিষ্ঠার পর মুখ্যমন্ত্রী স্যার নাজিমউদ্দিন, নূরুল আমিন, এ কে ফজলুল হক বা আতাউর রহমান খানের মন্ত্রিসভায় জনা দশেকের বেশি মন্ত্রী ছিলেন না। তাঁদের সরকার খুব অদক্ষ ছিল, তা বলা যাবে না। মন্ত্রিত্ব জিনিসটির মধ্যে যে মধু আছে, তা বাংলাদেশে রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা ছাড়া জগতের অন্য কোনো দেশের রাজনীতিকদের জানা নেই। অবশ্য এবার আমন্ত্রণ পাওয়ার পর দুজন রাজনীতিক মন্ত্রিসভায় যোগ দেননি। তাঁদের মন্ত্রিসভায় যোগ না দেওয়া প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সদ্য নিযুক্ত মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজনীতি তো ‘সন্ন্যাসী’ হওয়ার জন্য করেন না কেউ। রাজনীতি করে মন্ত্রিত্বের আহ্বান প্রত্যাখ্যান করার মানে নেই।এটাও ঠিক যে, সফল রাজনীতিকদেরই কেউ প্রধানমন্ত্রী-মন্ত্রী-প্রতিমন্ত্রী হন। সফল রাজনীতিকের জন্য মন্ত্রিত্ব একটি গুরুদায়িত্ব, কিন্তু একটি ছোট চাকরি বটে। উপমহাদেশের কত নেতাই তো মন্ত্রী হননি। তাঁরা সন্ন্যাসীও ছিলেন না। মহাত্মা গান্ধী, বিনোবা ভাবে, রামমনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ, কামরাজ নাদার, সোনিয়া গান্ধী মন্ত্রিত্ব গ্রহণের প্রয়োজন মনে করেননি। সূর্য সেন, সুভাষ বসু, মওলানা ভাসানী, হাজি দানেশ, মণি সিংহ প্রমুখ বহু জননেতা মন্ত্রী হওয়াকে গুরুত্ব দেননি। ১৯৪৭ থেকে গত শনিবার পর্যন্ত এই দেশে মন্ত্রী হয়েছেন দুই হাজারের বেশি সুযোগ্য নেতা। তাঁদের কয়েকজন ছাড়া কারও নামই মানুষ মনে রাখেনি। রাজনীতিকদের মধ্যে যাঁরা রাষ্ট্র চালান, তাঁদের বিদ্যা-বুদ্ধি-জ্ঞানগরিমা যাঁরা পত্রিকায় রচনা লেখেন, তাঁদের চেয়ে বহুগুণ বেশি। সংসদীয় গণতন্ত্রে কেবিনেট বা মন্ত্রিসভা এবং অন্য ধরনের সরকারে কাউন্সিল অব মিনিস্টারস এক জিনিস নয়। সংসদীয় গণতন্ত্রে কেবিনেট অত্যন্ত গুরুদায়িত্বপূর্ণ ও ক্ষমতাবান কয়েকজন মানুষের সংঘ। আমাদের বাহাত্তরের সংবিধানে অনেক অপূর্ণতা ছিল। যেমন, সেখানে বলা নেই প্রজাতন্ত্রে কতজন মন্ত্রী থাকবেন। মন্ত্রী বলতে অবশ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকে বোঝায়। দুই শ থেকে আড়াই শ সংসদ সদস্যকেও যদি মন্ত্রী করা হয়, তাতে সাংবিধানিক কোনো সমস্যা নেই। সংবিধানে বলা আছে: ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ওই সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া একটি মন্ত্রিসভা গঠিত হইবে।’ আরও পরিষ্কার করে বলা হয়েছে: ‘প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন।’ সংবিধান অনুযায়ী গত বুধবার প্রধানমন্ত্রী স্থির করেন যে আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রয়োজন। কিন্তু কাকে কাকে তিনি মন্ত্রিসভায় চান, তা তাঁদের তিনি নিজে জানাননি। তাঁকেই জানাতে হবে—এমন কথাও সংবিধানে লেখা নেই। মন্ত্রিপরিষদ সচিব হবুমন্ত্রীদের ফোনে বলেন: তৈরি হয়ে যান। রাত পোহালে যেকোনো সময় শপথ।এর চেয়ে শুভ ও সুখের টেলিফোন কল কোনো রাজনীতিকের জীবনে হতে পারে না। এ ধরনের টেলিফোন পাওয়ার পর যেকোনো নেতার ওই রাতটি হয়ে ওঠে তাঁর জীবনের সবচেয়ে মধুময় রজনী। প্রাপ্তবয়স্ক নরনারীর জীবনে আরও একটি মধুযামিনী আছে। তবে কারও কারও জীবনে ওই মধুযামিনীর পরবর্তী সকাল থেকেই হয় দুর্দশার সূচনা। কারও কারও কপাল চাপড়াতে চাপড়াতেই জীবন কেটে যায়। কিন্তু মন্ত্রিপরিষদ সচিবের টেলিফোন পাওয়ার পর দুর্ভাগ্যের সূচনা নয়, সৌভাগ্যের দরোজা খুলে যায়। ওই দুর্লভ ফোনটির সঙ্গে তুলনা চলে শুধু আলাদিনের জাদুর চেরাগ প্রাপ্তির। তবে বাংলার মাটিতে কেবিনেট সেক্রেটারির ফোন-পরবর্তী পর্বটি শুধু আনন্দের নয়, আতঙ্কেরও। সবার জন্য নয়, কারও কারও জন্য। শুভ সংবাদটি ঘোষিত হওয়ামাত্র হবুমন্ত্রীর এলাকায় ক্যাডারদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেলেও, ঘোষদের ঘুম হারাম হয়ে যায়। হরিপদ ঘোষের লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে জনা পঁচিশ যুবক ঢুকে পড়ে। ১০ মিনিটে দোকানের শোকেস শূন্য। পকেটে হাত ঢুকিয়ে নেতা-ক্যাডার সোজা হরি ঘোষের চোখের দিকে তাকান—‘কী দাদা, দেওন লাগব নাকি?’ ওই চোখের ভাষা দাদা বোঝেন। বলেন, কী দুইডা মিষ্টি খাইলা, তার আবার দাম। দলবল বেরিয়ে যায়। শোকেসের মতো তাঁর বুকটাও খালি হয়ে যায়। তাড়াতাড়ি বাড়ি যান। তাঁর শুকনা মুখ দেখে মালতী রানী জানতে চান—শরীরডা খারাপ নাকি? হরি ঘোষ বলেন—শরীর খারাপ না, কপাল খারাপ। মালতী রানী বলেন—কী হইছে? হরি ঘোষ বলেন—কিছু হয় নাই, মন্ত্রী হইছে। এরপর ৭০টি মোটরসাইকেল নিয়ে ‘শুভেচ্ছা স্বাগতম’ ধ্বনিসহ যেদিন মন্ত্রীর আগমন ঘটবে, এলাকায় সেদিন ফুলের মালা আগে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে যে প্রীতি ম্যাচ হবে, তাতে দু-চার জন পথচারীকে কয়েক দিন সদর হাসপাতালের মোটা চালের ভাত খেতে হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মন্ত্রী শব্দটির চেয়ে মধুর শব্দ আর কিছু হয় না। যাঁরা ওই পদে অধিষ্ঠিত হন, এক থেকে সোয়া বছরেই তাঁদের গোলা ভরে যায় রুপালি শস্যে। তাঁদের বংশধরদের (নগণ্য ব্যতিক্রম বাদে) ২১১২ সালেও জীবিকার জন্য কিছু করার প্রয়োজন পড়বে না। গোটা ২১ শতকটি তাঁরা উদ্যাপন করবেন রাজকীয়ভাবে। নাতি-নাতনির বিয়ের প্রস্তাব এলে ঘটক প্রথমেই সগৌরবে ঘোষণা দেবেন—দাদা-নানা মন্ত্রী ছিলেন। কোথাও জীবনবৃত্তান্ত দেওয়ার প্রয়োজন হলে তাতে থাকবে: সাবেক বা মরহুম মন্ত্রী অমুক নানা বা দাদা। এ রকম একটি রাজনৈতিক-সামাজিক অবস্থায় দুজন নেতা মন্ত্রিত্ব গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন। জনগণ ও মিডিয়া বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে। বলতে গেলে তাঁদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে সরকারি নীতিনির্ধারক ও মুখপাত্ররা তাঁদের অস্বীকৃতির মধ্যে আবিষ্কার করেছেন ‘ষড়যন্ত্রের’ আলামত। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার পুনর্গঠন, সম্প্রসারণ ও মন্ত্রীদের দপ্তর রদবদল একটি রুটিন ব্যাপার। যাঁরা দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিতে পারেন না, তাঁদের বাদ দেওয়া খুব স্বাভাবিক ব্যাপার। বাদ পড়াতে কোনো বেইজ্জতি নেই। মানুষ চাইছিল, মন্ত্রীদের মধ্যে যাঁরা ভালো করছেন না, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের বাদ দেওয়া হোক। এখন তাঁদের সরিয়ে দিলে তাঁদের নিজেদেরও কোনো ক্ষতি নেই। বাড়ি-গাড়ি বিষয়সম্পত্তি যা করার, তা যথেষ্ট সময় পেয়েছেন এবং করে নিয়েছেন। শতাব্দীকাল তাঁদের আর ভাবতে হবে না। যা হোক, তাঁরা যাবেন না। সেটা তাঁদের সাংবিধানিক অধিকার। ভোটারদের কিছুই করার নেই।বাংলার মাটিতে যা-ই ঘটুক, তাতে একটি নাটকীয়তা থাকতেই হবে। গত কয়েক দিনের টেলিভিশন চ্যানেলের অপ্রাপ্তবয়স্ক দর্শক-শ্রোতাদের ধারণা হবে, বাংলাদেশে মন্ত্রিত্বের চাকরি দেওয়ার মালিক মন্ত্রিপরিষদ সচিব। কার ভাগ্যে শিকা ছিঁড়বে, আর কার বাড়া ভাতে ছাই ঢেলে দেওয়া হবে—তা যদি কেবিনেট সেক্রেটারিই ঠিক করেন, তা হলে তো সংসদ সদস্যরা নাটোরের কাঁচাগোল্লা আর পোড়াবাড়ির চমচম নিয়ে তাঁর দরোজাতেই প্রতিদিন ধরনা দেবেন।টেলিভিশন দেখে কিশোর-কিশোরীদের ধারণা জন্মেছে যে বাংলাদেশের মানুষের করজোড়ে মিনতি ছিল, আরও সাতজন মন্ত্রী তাদের চাই। সাতের কম নয়। সপ্তমাশ্চর্য ও সাত মহাদেশের এই পৃথিবীতে সাত সংখ্যাটিই বেছে নেওয়া হলো কেন, তা সবাই বোঝেনি। সম্ভবত লাকি সেভেন বা শুভ সাত বলে। তাই যখন দুজন অনিচ্ছা প্রকাশ করেন মন্ত্রিত্ব গ্রহণে, কালবিলম্ব না করে তাঁদের শূন্যস্থান পূরণ করা হয় আর দুজনকে খুঁজে বের করে। যাঁরা মন্ত্রী হতে অনিচ্ছা প্রকাশ করেন, তাঁদের প্রতি একটি বার্তা দেওয়া হলো: তোমরা ছাড়াও লোক আছে। তোমরা নিচ্ছ না, তাদের দিচ্ছি। আমন্ত্রণ জানানোর পরে কে মন্ত্রিত্ব গ্রহণ করবেন আর কে করবেন না, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার—এ কথা প্রধানমন্ত্রী বলার পরে ব্যাপারটা সেখানেই থেমে যাওয়া উচিত ছিল। মন্ত্রিত্ব না নেওয়া দলীয় শৃৃঙ্খলা ভঙ্গ নয়। রাশেদ খান মেনন বলেছেন, মন্ত্রিসভা সম্প্রসারণে রাজনৈতিক প্রক্রিয়ার ব্যত্যয় ঘটেছে। কথাটা তো ঠিক। মন্ত্রিসভা পুনর্গঠনে দলীয় ও জোট পর্যায়ে আলোচনা হয়নি। তিনি যে বলেছেন, ‘আমন্ত্রণ এল একজন সচিবের কাছ থেকে। এ ধরনের আমন্ত্রণে কোনে সভ্য দেশে মন্ত্রী হয় কি না, আমার জানা নেই।’ এতেই বা দোষের কী? সৈয়দ আশরাফুল ইসলাম বলছেন, সংসদীয় গণতন্ত্র যেসব দেশে রয়েছে, সেসব দেশে মন্ত্রিপরিষদ বিভাগের আমন্ত্রণেই নেতারা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কারণ, প্রশাসনিক বিভাগে মন্ত্রিপরিষদ সচিবই হচ্ছেন সবচেয়ে ক্ষমতাবান। কথাটি আংশিক সত্য। শপথ নেওয়ার আয়োজনটি মন্ত্রিপরিষদ সচিবই করেন। ‘সবচেয়ে ক্ষমতাবান’ বলে মন্ত্রিপরিষদ সচিব কোনো নেতাকে মন্ত্রিত্ব উপহার দিতে পারেন না। তা যদি হতো, তা হলে বহু নেতা মন্ত্রিপরিষদ সচিবের কাছে দরখাস্ত করতেন মন্ত্রিত্বের জন্য আবেদন করে। তিনি সেই দরখাস্তের মার্জিনে লিখতেন, ‘আবেদনকারীর জন্য জোর সুপারিশ করা যাইতেছে। ইহাকে মন্ত্রী করা যাইতে পারে।’সরকারি নেতাদের কথা শুনে মনে হয়, দেশের ৯০ শতাংশ লোক তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের নদনদী, গাছপালা—সবাই ষড়যন্ত্রে লিপ্ত। দলেরও যাঁরাই কোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে কিছু বলছেন, বলা হচ্ছে তাঁরা ষড়যন্ত্র করছেন। বালক-বালিকারাও বোঝে, যাঁরা মাঠে-ময়দানে, সভা-সমাবেশে বা পার্লামেন্ট কক্ষে হইচই করেন, তাঁরা ষড়যন্ত্র করেন না। যাঁরা হাত কচলে কথা বলেন এবং পা ছুঁয়ে কদমবুচি করেন, ষড়যন্ত্রে দক্ষ তাঁরাই। যে দুই নেতা মন্ত্রী হতে সম্মত হননি, তাঁরা কারা? বাংলাদেশের ইতিহাসে তাঁরা উজ্জ্বল দুই নক্ষত্র-ছাত্রনেতা। ফিল্ড মার্শাল আইয়ুব ও মোনায়েম খানের সরকারের তাঁরা ছিলেন ত্রাস। একজন কর্মী হিসেবে আমি এই দুই নেতার আপসহীন ভূমিকা কাছে থেকে দেখেছি বাষট্টির ছাত্র আন্দোলন থেকে ঊনসত্তরের গণ-অভ্যুত্থান পর্যন্ত। একাত্তরের অসহযোগ ও মুক্তিযুদ্ধের কথা বলাই বাহুল্য। তাঁরা নির্যাতন ভোগ করেছেন। মন্ত্রী হতে চাইলে তাঁরা ১৯৭৯ সালেই হতে পারেন। ’৮২তে হতে পারতেন। জেনারেল এরশাদের মন্ত্রিপরিষদের মন্ত্রী শুধু নন, উপপ্রধানমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও হতে পারতেন। যেমন আর দুই তুখোড় সাবেক ছাত্রনেতা কাজী জাফর ও শাহ মোয়াজ্জেম হোসেন হয়েছিলেন। মন্ত্রিত্ব কী জিনিস, রাশেদ খান মেনন জানেন। তিনি দেশের একটি রাজনৈতিক ঐতিহ্যপূর্ণ শুধু নয়, সংস্কৃতিমান পরিবারের সন্তান। বাবা ছিলেন স্পিকার। ভাইবোনদের মন্ত্রী হতে দেখেছেন। আলোচনার মাধ্যমে সসম্মানে প্রস্তাব দিলে তিনি সম্মত হতেন। তাঁর দলও বাধা দিত না। তিনি মহাজোটের মঙ্গল চান। তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘আমার মতো একজন তোফায়েল আহমেদ মন্ত্রিসভায় যোগদান না করলে তাতে কিছু আসে-যায় না। আমি মন্ত্রী হইলেই কী আর না হইলেই কী?’ আমি টিভিতে তাঁর কণ্ঠস্বর শুনেছি। তাতে ছিল গভীর অভিমান। কণ্ঠ বাষ্পরুদ্ধ। আমি দূরের জিনিস ভালো দেখি না। চশমার সাহায্যে যেটুকু দেখেছি, তাতে মনে হয়েছে, তাঁর চোখ টলমল করছে। ৫০ বছর যাবৎ আমি তাঁকে দেখছি। তাঁর চেয়ে বেশি আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুগতপ্রাণ খুব বেশি দেখিনি। শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিটি তাঁরই দেওয়া। নিজে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর যথেষ্টই রয়েছে। তিনি যদি দলে অবহেলিত হন, সেটা দলের দীনতা, তাঁর নয়। আমরা কেউ রাজনীতিই করি আর কেউ কাগজে রচনাই লিখি, আমরা মানুষ। আমরা কেউই ভুলভ্রান্তির ঊর্ধ্বে নই। সবারই উচিত পরস্পরের প্রতি সংবেদনশীল হওয়া। কাউকে হেয় করা খুবই নিন্দনীয় কাজ।সাত মন্ত্রী নিয়োগের ঘটনায় দেশের মানুষ জেনে গেল, আওয়ামী লীগের নীতিনির্ধারণী নেতাদের সঙ্গে দলের ও জোটের অন্যান্য নেতার ঘনিষ্ঠ যোগাযোগ নেই। প্রধানমন্ত্রীর সঙ্গে দলের প্রধান নেতাদের ও শরিক দলের নেতাদের দূরত্ব ঢাকা [উত্তর] থেকে দক্ষিণ মেরুর দূরত্ব যতটা, ততটাই। এই মন্ত্রিসভা সম্প্রসারণ সরকারের কী উপকারে আসবে, তা নেতারাই জানেন। নতুন সাত মন্ত্রীর শুভ ও কল্যাণ কামনা করি। সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।