পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে সালিস বৈঠকে এক গৃহবধূ এবং তাঁর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক যুবককে লাঠিপেটা করার পাশাপাশি তাঁদের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। গত শনিবার রাতে গজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান খালিদুল ইসলামের নির্দেশে গৃহবধূ ও যুবককে এই দণ্ড দেওয়া হয়।
নবনির্বাচিত এই চেয়ারম্যানের কাণ্ড হতবাক করার মতো। চেয়ারম্যান হলেন ইউনিয়ন পরিষদের অভিভাবক। ইউনিয়ন পরিষদের সব কাজের কেন্দ্রবিন্দু হলেন তিনি। তিনি পরিষদের প্রধান নির্বাহী, এককথায় পৌর, উন্নয়ন, রাজস্ব, প্রশাসনসহ ইউনিয়নের সব ধরনের কাজ তদারক করার দায়িত্ব চেয়ারম্যানের। এলাকার ছোটখাটো ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হাঙ্গামা ও জমিজমা–সংক্রান্ত বিভিন্ন বিষয় ব্যক্তিগত উদ্যোগে সালিসের মাধ্যমে নিষ্পত্তি করেন। অর্থাৎ চেয়ারম্যানের কাজ হলো ঝগড়া-বিবাদ, দাঙ্গা-হাঙ্গামা মেটানো, কারও শাস্তি নির্ধারণ করা নয়। শারীরিক শাস্তির তো প্রশ্নই আসে না। এটা স্রেফ আইন নিজের হাতে তুলে নেওয়া। চেয়ারম্যান হতে না হতেই যিনি বেআইনি কাজ শুরু করে দেন, তাঁর সামনের কর্মকাণ্ড নিয়ে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।
গতকাল সোমবার প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, এলাকার লোকজনের কাছ থেকে অভিযোগ পেয়ে চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ ওই দুজনকে ইউপি কার্যালয়ে নিয়ে যান। সেখানকার একটি কক্ষে তাঁদের আটক করে রাখা হয়। রাতে খোলা মাঠে সবার সামনে তাঁদের দুজনকে লাঠিপেটা করা হয়। পরে সেলুন থেকে একজন নাপিতকে ডেকে এনে ক্ষুর দিয়ে দুজনের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। একটি সভ্য সমাজে এ ধরনের বর্বরতা অকল্পনীয়। নবনির্বাচিত চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেছেন গৃহবধূর স্বামী। এখন আমরা দেখতে চাই, চেয়ারম্যানসহ এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: