লাঠিপেটাকারী ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে চিকিৎসক, বিশেষ করে নারী চিকিৎসকদের নিরাপত্তার সমস্যাটি প্রকট। কিন্তু গত বুধবার নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আঞ্জুয়ারাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা নিছক নিরাপত্তাজনিত সমস্যা নয়। একজন সরকারি কর্মকর্তা ও পেশাদার চিকিৎসক হয়েও তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
প্রথম আলোর খবর অনুযায়ী, স্থানীয় ছাত্রলীগ কর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ আলী ওই স্বাস্থ্যকেন্দ্রে যান চিকিৎসা নিতে। চিকিৎসক আঞ্জুয়ারা তাঁকে চিকিৎসাসেবা এবং কেন্দ্র থেকে কিছু ওষুধ দেওয়ার পর আরও ওষুধ দাবি করেন তিনি। চিকিৎসক তা দিতে অপারগতা প্রকাশ করলে ইউসুফ আলী তাঁকে লাঠি দিয়ে বেদম প্রহার করেন, এমনকি চিকিৎসককে বাঁচাতে একজন আয়া এগিয়ে এলে তাঁকেও প্রহার করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের নথিপত্র পুড়িয়ে ফেলার চেষ্টা করেন তিনি।
ছাত্রলীগের অন্যায়-অপকর্মের কথা সর্বজনবিদিত। তাই বলে একজন নারী চিকিৎসককে লাঠিপেটা করা? ক্ষমতার দাপটে ওই ছাত্রলীগ কর্মী মনুষ্যত্বের ন্যূনতম বোধও হারিয়ে ফেলেছেন। কিন্তু স্থানীয় থানা-পুলিশ কী করছে? ঘটনার চার দিন পরও কেন ইউসুফকে ধরা হলো না? ‘অপরাধীকে পাওয়া যাচ্ছে না’ বলে পুলিশ দায়িত্ব এড়াতে পারে না। ইউসুফের গ্রেপ্তারের দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা কয়েক দিন ধরে মানববন্ধন, কর্মবিরতি পালন করলেও প্রশাসন নির্বিকার।
গ্রামাঞ্চলে চিকিৎসকেরা থাকেন না বলে প্রায়ই অভিযোগ শোনা যায়। কিন্তু নিরাপত্তা না পেলে তাঁরা সেখানে থাকবেন কীভাবে? ছাত্রলীগ কর্মী নারী চিকিৎসককে পেটানোর মতো ঔদ্ধত্য কোথায় পেলেন? নিশ্চয়ই ক্ষমতার খুঁটির জোরে তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। এখনই এই দানবকে রুখতে না পারলে গ্রামাঞ্চলে নারী চিকিৎসক কেন, পুরুষ চিকিৎসকও থাকতে পারবেন না।
তাই অবিলম্বে লাঠিপেটাকারী ইউসুফকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। ছাত্রলীগ নামধারী এই মাস্তানদের দৌরাত্ম্য থেকে চিকিৎসকসহ গ্রামাঞ্চলে পদায়িত সব সরকারি কর্মকর্তাকে রক্ষা করুন।