লাভজনক সরকারি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বলে সন্তোষ প্রকাশ করেছেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো শুধু লোকসান করে না, অনেক ক্ষেত্রে মুনাফাও করে। সচিবালয়ে গত বৃহস্পতিবার তিনটি মুনাফাকারী প্রতিষ্ঠানের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। তিন সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইউনিকল), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) মোট ৭০ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। টাকার অঙ্কে এটি বড় না হলেও এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীরা ধন্যবাদ পেতে পারেন। যেখানে বড় বড় সরকারি প্রতিষ্ঠান প্রতিবছর কোটি কোটি টাকা লোকসান দিচ্ছে, সেখানে তিনটি প্রতিষ্ঠানের এই সাফল্য দেশবাসীকে কিছুটা হলেও আশ্বস্ত করে।
একই সঙ্গে এই প্রশ্ন ওঠাও অস্বাভাবিক নয় যে তিনটি প্রতিষ্ঠান মুনাফা করতে পারলে অন্যান্য প্রতিষ্ঠান কেন ক্রমাগত লোকসান গুনবে? শিল্পকারখানা কিংবা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানই হোক, সবাইকে ব্যবসায়িকভাবে সফল হতে হবে। বলার অপেক্ষা রাখে না যে, সরকারি প্রতিষ্ঠান মুনাফা করলে যেমন তার সুফল দেশের সব মানুষ পায়, তেমনি লোকসান করলে তার দায়ভারও তাদের নিতে হয়।
প্রতিবছরের বাজেটে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভর্তুকির জন্য একটি বড় বরাদ্দ থাকে। বিদেশ থেকে আমদানি পণ্যের ক্ষেত্রে এই ভর্তুকির পক্ষে যুক্তি থাকলেও দেশের শিল্পকারখানার জন্য তা প্রযোজ্য হতে পারে না। বেসরকারি খাতের মতো সরকারি খাতের শিল্পকারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও টিকে থাকতে হলে লাভজনক হওয়ার বিকল্প নেই।
আশা করি, অর্থমন্ত্রী শুধু তিনটি সরকারি প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে খুশি না হয়ে বাকি প্রতিষ্ঠানগুলো যাতে মুনাফা করতে পারে, অন্তত জনগণকে বছরের পর বছর লোকসানের বোঝা না টানতে হয়, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। তবে সে ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সততা ও দক্ষতা যেমন জরুরি, তেমনি নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। তাঁরা যদি ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোপাট হওয়া চার হাজার কোটি টাকা’ কিছুই না বলে উড়িয়ে দেন, তাহলে কীভাবে সরকারি প্রতিষ্ঠানগুলো মুনাফা করবে?