লাল সংকেত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় যে আইন ও নিয়মকানুনের তোয়াক্কা না করে নিছক ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছে—এ অভিযোগ বহুদিনের পুরোনো। সরকারের তরফ থেকে এত দিন পর কার্যকর কিছু করার ঘোষণা পাওয়া গেল। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে যেসব পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে, তাকে আমরা সাধুবাদ জানাই। তবে এ সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করার ওপরই নির্ভর করছে সবকিছু।গত ২১ জুলাই সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। এই আইন মেনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হবে, সেটাই ছিল প্রত্যাশিত। কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়কে কোনো নিয়মনীতির মধ্যে আনা যাচ্ছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ অনুযায়ী ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কমপক্ষে ২২টি নিছক ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মন্ত্রণালয় বলছে, অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কোনোটিতে চলছে মালিকদের একচ্ছত্র আধিপত্য। জমি কেনা নিয়েও হচ্ছে প্রতারণা। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের অন্ত নেই। এগুলোর নেই কোনো নিজস্ব ভবন, মুক্ত আঙিনা, পাঠদানের প্রয়োজনীয় পরিবেশ বা সরঞ্জাম। অথচ বেতন-ভাতা নেওয়া হয় উচ্চ হারে।উচ্চশিক্ষার ক্ষেত্রে একদিকে মানের বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এ নিয়ে বাণিজ্যের বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এই পরিস্থিতি অবসানে এগিয়ে এসেছে সরকার। সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে সবুজ, হলুদ ও লাল—এই তিন ভাগে ভাগ করেছে। ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র আটটি নিজস্ব ক্যাম্পাসের শর্ত পূরণ করতে পেরেছে। স্বাভাবিকভাবেই এই বিশ্ববিদ্যালয়গুলো সবুজ ভাগে পড়েছে। ২৩টি বিশ্ববিদ্যালয় কিছু জমি কিনেছে, অবকাঠামো নির্মাণ করেছে, কিছু শুধু জমি কিনেছে এবং কয়েকটির নিজস্ব ভবন থাকলেও পরিসর খুবই কম। এগুলো পড়েছে হলুদ ক্যাটাগরিতে। আর লাল সংকেত পেয়েছে ২২টি বিশ্ববিদ্যালয়। এগুলোর নিজস্ব কোনো জমি নেই। এ বাস্তবতায় সরকার এই ২২টি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসের জন্য পাঁচ বছর সময় বেঁধে দিয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরের পর এই বিশ্ববিদ্যালয়গুলো কোনো প্রোগ্রাম বা কোর্সে ছাত্র ভর্তি করতে পারবে না।স্থায়ী ক্যাম্পাসের জন্য পাঁচ বছরের এই সময়সীমা বেঁধে দেওয়াকে আমরা যৌক্তিক বলে মনে করি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আন্তরিক হলে এটা করা সম্ভব বলে আমরা মনে করি। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একসঙ্গে জমি পাওয়ার বিষয়টি হয়তো সহজ নয়। এ ক্ষেত্রে শিক্ষামন্ত্রী সম্ভব হলে জমি বরাদ্দের ব্যাপারে সহায়তারও আশ্বাস দিয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকেই এখন এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমরা আশা করব, সরকার এ ব্যাপারে যে অবস্থান ঘোষণা করেছে, তা মেনে চলতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে আইন ও নিয়মকানুন মেনে চলার কোনো বিকল্প নেই।