লালমাই পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্ন ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ কুমিল্লার লালমাই পাহাড়কে বাঁচাতে স্থানীয় প্রশাসনের ওপর অনির্দিষ্টকাল তাকিয়ে থাকা সমীচীন হবে না। কুমিল্লার সংশ্লিষ্ট থানার সহকারী কমিশনার (ভূমি) এবং ওসি বলেছেন, তাঁরা স্থানীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সাড়া দিতে চান। আর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক বুলি আউড়িয়ে বলেছেন, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। সম্ভবত এটা বললে অত্যুক্তি হবে না যে এই অধিদপ্তর খতিয়ে দেখতে আর অল্প কিছুদিন সময় নিলে লালমাই পাহাড় সম্ভবত নিশ্চিহ্ন হয়ে যাবে।
শত শত টিলা গত ৩৪ বছরে সমতল হয়েছে। তিন বছর ধরে প্রায় ৬০ ফুট উঁচু একটি টিলার প্রায় এক কিলোমিটার জায়গা উজাড় হয়েছে। অথচ রূঢ় বাস্তবতা হলো পরিবেশ অধিদপ্তর সন্দেহভাজন কোনো একজনের বিরুদ্ধে কোনো একটি প্রাথমিক পদক্ষেপ নিতে সক্ষম হয়নি। বরং ভূমি কমিশনারই মাত্র এক ব্যক্তিকে টিলা কাটার অভিযোগে ১০ মাসের সাজার একটি বিরল নজির স্থাপন করেছেন। তাঁকে সাধুবাদ। কিন্তু এ রকম বিচ্ছিন্ন আইনি ব্যবস্থায় লালমাই বাঁচবে না।
লালমাই পাহাড় কেটে সাবাড়কুমিল্লার পরিবেশের বিষয় পাঁচ বছর আগেও সুদূর চট্টগ্রাম থেকে দেখভাল করা হতো। এরপর সেখানে পরিবেশ অধিদপ্তর এল। অনেকেই আশা করেছিলেন যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুফল কিছুটা হলেও চোখে পড়বে। কিন্তু তা ঘটেনি। প্রাচীনকাল থেকে কুমিল্লা পুকুর ও দিঘির শহর হিসেবে প্রসিদ্ধ। কিন্তু তার সংখ্যা ২৪৩টি থেকে ৭৩টিতে নেমে এসেছে এবং এই মুহূর্তেও ভরাটের তোড়জোড় চলছে অনেক পুকুর ও দিঘির। গোমতী পাড়ের মাটি ভক্ষণও চলছে। কিন্তু এসব বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন কার্যত পিঠে বেঁধেছি কুলো, কানে দিয়েছি তুলো নীতিই অনুসরণ করে চলছে।
পরিবেশমন্ত্রীর উচিত হবে মাঝেমধ্যে পরিবেশ–বিষয়ক কিছু বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করার নীতি অনুসরণ করা। দলীয় ছত্রচ্ছায়ায় দুষ্কর্ম হলে প্রশাসন কখনো অসহায় বোধ করে। তাই কুমিল্লার লালমাই পাহাড়কে বাঁচাতে একটি যথাযথ কেন্দ্রীয় জরুরি হস্তক্ষেপ গ্রহণ অপরিহার্য বলে প্রতীয়মান হয়।