
হাইকোর্ট হাসপাতালে লাশ আটকে রেখে বা মরণাপন্ন রোগীর চিকিৎসাসেবা বন্ধ করে দিয়ে প্রাপ্য বিল আদায় নিষিদ্ধ করে যে আদেশ দিয়েছেন, তা গণমুখী পদক্ষেপ। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তব্য, অক্ষম গরিব রোগীদের হাসপাতালের বিল পরিশোধের জন্য একটি তহবিল গঠনের কার্যকর পদক্ষেপ নেওয়া।
২০১২ সালে ৪২ হাজার টাকার বকেয়া বিলের মধ্যে ১৫ হাজার টাকা শোধ করেও এক নবজাতকের বাবা-মা তাদের সন্তানের লাশ ফেলে যেতে বাধ্য হন। এ বিষয়ে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পাঁচ বছর পরে ওই আদেশ দিলেন। এই সময়ের মধ্যে দেশে এ ধরনের মেডিকেল অবহেলার অনেক দৃষ্টান্ত দেখা গেছে, কিন্তু এসব পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। অথচ বিষয়টি সরকারকেই সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। স্বাস্থ্য প্রশাসন আন্তরিক না হলে হাইকোর্টের আদেশ বাস্তবায়নের সুফল সেভাবে না–ও মিলতে পারে।
বেসরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা বিশ্বের কোথাও আশা করা হয় না। একই বিষয়ে প্রতিবেশী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অভিজ্ঞতা আমরা বিবেচনায় নিতে পারি। গত ফেব্রুয়ারিতে বিল না দেওয়ায় চিকিৎসা না করায় ১৬ বছরের এক কিশোরীর মৃত্যুর অভিযোগ ওঠে। মমতা সরকার মেডিকেল নেগলিজেন্স রোধের লক্ষ্যে একটি রেগুলেটরি কমিশন গঠন ও বিধানসভায় একটি বিল আনার ঘোষণা দেন। এর দুদিন পরেই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা পাওনা অর্থের জন্য চেক ও ফিক্সড ডিপোজিট আদায় করেই এক রোগীর লাশ হস্তান্তর করেছিল। বিধানসভার পাস করা আইনে মাত্রাতিরিক্ত বিল আদায়, বিলের জন্য লাশ আটকে রাখা এবং দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে চিকিৎসা দিতে অস্বীকার করাকে ফৌজদারি অপরাধ গণ্য করা হয় এবং এ–সংক্রান্ত বিরোধ মেটাতে একটি স্থায়ী রেগুলেটরি কমিশন গঠন করা হয়।
চিকিৎসক সমাজে এ নিয়ে কিছু সংগত প্রশ্ন উঠেছিল এবং বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) ‘চিকিৎসার নামে চাঁদাবাজি নয়’ মর্মে ওই আইনের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এটাও লক্ষণীয় যে শুধু আইন করা নয়, মমতা সরকার একই সঙ্গে স্বাস্থ্য বাজেটে বরাদ্দ বাড়িয়েছিল। আমাদের দেশেও এ রকম একটি আইনের অধীনে রেগুলেটরি কমিশন গঠন করা যেতে পারে।