
রাজধানীর চামেলিবাগে আবাসিক কমপ্লেক্সের লিফটের দুই দরজার চাপায় ৯ বছরের শিশুর মৃত্যুর ঘটনাটি এককথায় ভয়াবহ ও অনভিপ্রেত। প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাত নয়টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে লিফটে ওঠার সময় সজোরে দরজা বন্ধ হয়ে গেলে শিশু আলভিরা মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যায়। ওই আবাসিক কমপ্লেক্সের বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, লিফটের দরজার সেন্সর কাজ করছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে লিফট দিয়ে ওঠানামা করা একটি অপরিহার্য প্রয়োজনীয়তায় রূপান্তরিত হয়েছে। বড় বড় বিপণিকেন্দ্র, অ্যাপার্টমেন্ট ভবন, হাসপাতাল—প্রায় প্রতিটি স্থানেই আমাদের ওঠানামা করার জন্য লিফট ব্যবহার করতে হয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে এ ব্যাপারে সতর্কতার যথেষ্ট অভাব রয়েছে। এ ঘটনা আমাদের মনে করিয়ে দিল লিফট ব্যবহার ও রক্ষণাবেক্ষণে আরও সতর্কতা জরুরি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যখন কোনো বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদন করে, তখন কতটি লিফট লাগবে, তা নির্ধারণ করে দেয় এবং কীভাবে সেটি পরিচালনা করা হবে, তারও নির্দেশনা দেয়। এ ছাড়া লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয় কীভাবে এর রক্ষণাবেক্ষণ করতে হবে এবং কত দিন পর লিফট পরিবর্তন করতে হবে। লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত ভবনমালিক বা অ্যাপার্টমেন্ট ভবনের মালিকদের ব্যবস্থাপণা কমিটি। চামেলিবাগে লিফট দুর্ঘটনাটির ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের ঘাটতিকেই মূল সমস্যা হিসেবে বিবেচনা করে নিতে হচ্ছে।
ভবনটির পরিচালনা কমিটির সভাপতি ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা হিসেবে দাবি করেছেন। কিন্তু এমন দুর্ঘটনার পরিণতি কত ভয়াবহ হতে পারে, তা টের পাওয়া গেছে। এই ঘটনাটি সবার জন্য শিক্ষা হিসেবে কাজ করুক। লিফট রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আর সরকারের দায়িত্ব লিফট–সংক্রান্ত নির্দেশনা যাতে ভবনমালিকেরা পালন করেন, তা নিশ্চিত করা।