লিমনের অন্তহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম নুসরাত জাহান র‌্যাবের গুলিতে এক পা হারানো তরুণ লিমন হোসেনকে একটি মামলায় আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আদালতের এই মানবিক বিবেচনাকে স্বাগত জানাতে হয়; কেননা লিমন ও তার মা হেনোয়ারা বেগমের ন্যায়বিচারপ্রাপ্তির আইনি লড়াই প্রাণান্তকর হয়ে উঠেছে। শুধু আদালতে হাজিরা থেকেই নয়, ভিত্তিহীন অভিযোগে লিমনের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো থেকে তার চূড়ান্ত অব্যাহতি পাওয়া উচিত।র‌্যাবের কয়েকজন সদস্যের গুলিতে একটি পা হারিয়ে ঝালকাঠির তরুণ লিমন হোসেন ন্যায়বিচার পাওয়ার আশায় আইনি পথে লড়ছে এক বছরের বেশি সময় ধরে। তার এ লড়াইয়ের ভবিষ্যৎ কী আমরা জানি না। কারণ, তাকে গুলি করার অভিযোগে তার মা হেনোয়ারা বেগমের দায়ের করা মামলা থেকে র‌্যাবের ছয় সদস্যকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। দেশবাসী অবাক হয়েছে, আমরাও প্রশ্ন তুলেছি: লিমন তাহলে একটি পা হারাল কীভাবে? লিমনের মা এই সুপারিশের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন, সে আবেদনের ওপর শুনানি হয়েছে, কিন্তু আদালত এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি।অন্যদিকে, গুলিবিদ্ধ হয়ে প্রতিবন্ধীতে পরিণত লিমনের বিরুদ্ধে দুটি মামলা করেছে র‌্যাব। একটি মামলার অভিযোগ, লিমন র‌্যাবের সদস্যদের সরকারি কাজে বাধা দিয়েছে। কৈশোর উত্তীর্ণ হয়েছে কি হয়নি, এমন একটি ছেলে একা র‌্যাবের ছয়জন সশস্ত্র সদস্যকে ‘সরকারি কাজে বাধা’ দিয়েছে—এর চেয়ে অবিশ্বাস্য অভিযোগ আর কী হতে পারে? গত বুধবার ঝালকাঠির বিচারিক হাকিমের আদালতে এই মামলায় লিমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার দিন ছিল। লিমন তার মা হেনোয়ারা বেগম ও আইনজীবীদের সঙ্গে আদালতে হাজির হলে হাকিম তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আদেশ দেন, পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন ১২ ডিসেম্বর।লিমনের বিরুদ্ধে র‌্যাব সদস্যদের দায়ের করা অন্য মামলাটি আরও উদ্ভট। তাঁরা অভিযোগ করেছেন, লিমন অবৈধ অস্ত্রধারী। গুলিবিদ্ধ হয়ে একটি পা হারিয়ে চিরতরে প্রতিবন্ধী হয়ে গেল যে তরুণ, তাকেই করা হলো অবৈধ অস্ত্র মামলার আসামি! এ মামলার অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে; লিমনের আইনজীবীরা এই ভিত্তিহীন মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু তা নিয়ে এখনো শুনানি হয়নি।ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মিথ্যা মামলা লিমন ও তার পরিবারের জন্য বয়ে এনেছে অন্তহীন দুর্ভোগ। পরিবারটি দরিদ্র, লিমনের বাবা জীবিকার তাগিদে দূরে থাকেন, বড় ভাইও তেমন কিছু উপার্জন করেন না। মা হেনোয়ারা বেগমই বলতে গেলে লিমনের একমাত্র সহায়, যিনি ক্লান্তিহীনভাবে আইনি লড়াই ও জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন। কিন্তু এর অবসান হওয়া উচিত। দুটি মামলা থেকেই লিমনকে অব্যাহতি দেওয়া হোক। বরং তার ওপর যে অন্যায় করা হয়েছে, সে ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।