র্যাবের গুলিতে পা হারানো লিমনকে আর কত যন্ত্রণা সইতে হবে কে জানে! অস্ত্র মামলা মাথায় নিয়ে নিয়মিত যেমন আদালতে হাজিরা দিতে হচ্ছে তেমনি চিকিৎসার জন্য নিয়মিত দৌড়াতে হচ্ছে হাসপাতালে। দরিদ্র এই তরুণের প্রতি চরম অমানবিক আচরণের পর এখন সেই অন্যায় ঢাকতে সরকার গোঁয়ার্তুমির পথ বেছে নিয়েছে।ঝালকাঠির রাজাপুর উপজেলার সতুরিয়া গ্রামের লিমন ২০১১ সালে মাঠ থেকে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে পা হারান। সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে আটক করার পর তাঁর পায়ে গুলি করা হয় বলে লিমন অভিযোগ করেছেন। এ ঘটনার পর অভিযোগ অস্বীকার করে র্যাবের পক্ষ থেকে লিমনকে সন্ত্রাসী হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়, অস্ত্র মামলা করা হয় তাঁর বিরুদ্ধে। গণমাধ্যম, স্থানীয় লোকজন, মানবাধিকার সংগঠন ও কর্মীদের নানা তদন্ত ও খোঁজখবরে এটা স্পষ্ট যে লিমন একজন দরিদ্র নিরপরাধ তরুণ মাত্র। তাই র্যাব, পুলিশ, প্রশাসন ও সরকার—সবাই মিলে লেগেছে এই ছেলেটির বিরুদ্ধে। লিমনের মা ছেলেকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলায় পুলিশ র্যাব সদস্যদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দিয়েছে আদালতে। লিমনের মা তা মেনে নেননি, আদালতে বিষয়টি ঝুলে আছে। অন্যদিকে লিমনের বিরুদ্ধে করা অস্ত্র মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ করার পরও সেই মামলা প্রত্যাহার করা হয়নি। সেই মামলার অভিযোগ গঠনও পেছাচ্ছে। অভিযোগ গঠন পেছানোর কারণে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে লিমনের করা আবেদনেরও শুনানি হচ্ছে না। পা কেড়ে নেওয়ার পরও নিয়মিত তাঁকে আদালতে হাজিরা দিয়ে যেতে হচ্ছে। তাঁর অনেক সর্বনাশ ইতিমধ্যেই হয়েছে, সামনে এপ্রিল মাসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তাঁর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা। এই পরীক্ষা সামনে রেখে ১৯ মার্চ তাঁকে হাজির হতে হয় আদালতে।সরকারের প্রতি অনুরোধ, একটি ভুল বা অন্যায় ঢাকতে গিয়ে দরিদ্র এ তরুণের প্রতি এই চরম অমানবিক আচরণ বন্ধ করুন। মামলা থেকে অব্যাহতি দিয়ে অন্তত তাঁর বাকি জীবনটুকু স্বাভাবিকভাবে কাটাতে দিন।