লিমনের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমনের নাম আর ন্যায়বিচারের ফরিয়াদ একাকার হয়ে গিয়েছে। অন্যায়ভাবে র‌্যাবের গুলিতে পা হারানোর পর এক বছর গত হয়েছে। জনমতের চাপে লিমনকে অধিকতর নিপীড়ন থেকে রেহাই দিতে বাধ্য হলেও, তার বিরুদ্ধে র‌্যাবের মামলা ঠিকই চলছে। কেবল বিচার পেলেন না লিমন ও তাঁর মা। র‌্যাব সদস্যদের বিরুদ্ধে লিমনের মায়ের মামলার তদন্ত শেষই হয় না; ইতিমধ্যে লিমনের জীবন থেকে ঝরে গেল একটি বছর। লিমন যতটাই অন্যায়ের শিকার, ন্যায়বিচার তার ততটাই প্রয়োজন।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, লিমন কেবল হারিয়েছে পা, কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগ বিবেকটাই যেন হারিয়ে ফেলেছে। ঝালকাঠির জেলা পুলিশ সুপারের কথা হচ্ছে, লিমনের মামলা স্পর্শকাতর, তাই তদন্তে দেরি হচ্ছে। যে মামলা পুলিশের কাছেই ‘স্পর্শকাতর’, সে মামলার তদন্তকাজ এক বছরেও শেষ হলো না? দ্বিতীয়ত, যে ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল, সেটাকে এত অবহেলা কেন? গত একটি বছরে লিমনকে কাটা পা নিয়ে হাসপাতালে পুলিশ পাহারার ভোগান্তি পোহাতে হয়েছে, র‌্যাবের মামলায় নাজেহাল হয়ে বারবার নিজ গ্রাম থেকে ঢাকা ও ঝালকাঠির আদালতে ছোটাছুটি করতে হয়েছে। এসবের কি কোনোই মূল্য নেই?দৃশ্যত প্রমাণিত হয়েছে, লিমন নির্দোষ। তার পরও সরকারের নীতিনির্ধারকদের কেউ কেউ লিমন ও তার পরিবারকে সন্ত্রাসী বলে অভিহিত করতে চেয়েছেন। এটা কেমন দায়িত্বশীলতা? লিমন হারিয়েছে কেবল একটি পা, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি বিবেক খুইয়ে ফেলেছেন?লিমনের ঘটনা কেবল লিমনের জন্যই নয়, দেশের শুভবোধসম্পন্ন মানুষের জন্যও একটি অগ্নিপরীক্ষা হয়ে উঠেছিল। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যা আর ‘ক্রসফায়ারের’ গল্পকে চ্যালেঞ্জ জানাতে পেরেছিল এ ঘটনা। লিমনের ওপর যে নিষ্ঠুরতা ঘটেছে, তা বিচারহীন থেকে যেতে পারে না। একই সঙ্গে জনমত তুচ্ছ করার ফলও সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে। তাই আইনের শাসনের স্বার্থে, মানবিকতার স্বার্থে এবং প্রবল প্রতাপশালীদের বিপক্ষে এক অসহায় গ্রামীণ তরুণের অপূরণীয় ক্ষতির প্রতিকারের স্বার্থে, লিমনের ওপর বিনা কারণে র‌্যাবের গুলিবর্ষণ এবং অঙ্গহানির বিচার হোক।