লুণ্ঠনের খপ্পরে জনশক্তি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে জনশক্তি রপ্তানি হরিলুটের ক্ষেত্রে পরিণত হয়েছে। সরকারি নিয়মে যেখানে অভিবাসনে ইচ্ছুক শ্রমিককে ১৭ হাজার ৪০০ টাকা দেওয়ার কথা, সেখানে একেকজনকে দিতে হচ্ছে ৮ থেকে ১২ লাখ টাকা করে! প্রবাসী কল্যাণমন্ত্রী কোনো অভিযোগ পাননি বলে দাবি করলেও প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, এই আর্থিক নয়ছয়ের শিকড় তাঁর মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত।
নির্ধারিত পরিমাণের চেয়ে ১০-২০ শতাংশ অর্থ বেশি আদায়কে দুর্নীতি বলা যায়। কিন্তু ৫০-৬০ গুণ বেশি অর্থ আদায় তো নির্জলা লুণ্ঠন! সোমবারের প্রথম আলোর সংবাদ জানাচ্ছে, সৌদি আরবে জনশক্তি রপ্তানি একশ্রেণির মধ্যস্বত্বভোগীর কাছে জিম্মি। সৌদি আরব থেকে বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত এদের দৌরাত্ম্য। বিদেশে শ্রমিক নিয়োগের অনুমতিপত্র পেতে মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ লোকজনকে টাকা দিতে হয়। টাকা দিতে হয় সৌদি আরব থেকে শ্রমিক নিয়োগের চাহিদাপত্র বাংলাদেশে আনতে। একজন কর্মীকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে গেলে প্রতিটি সরকারি দপ্তরে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।
খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখভারত ও নেপালের শ্রমিকেরা যেখানে ৫০-৬০ হাজার টাকাতেই বিদেশে যান, সেখানে আমাদের শ্রমিকদের এই খেসারত দিতে হচ্ছে কেন? বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এত বড় অনিয়ম দিনের পর দিন ধরে চলতে পারত না।
প্রথম আলোর সংবাদে দেখানো হয়েছে, কীভাবে মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবসায়িক প্রতিষ্ঠান এই দুর্নীতিচক্রের মধ্যমণি হয়ে রয়েছে। জনশক্তি রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বায়রা এসব অনিয়মের ব্যাপারে মন্ত্রণালয়ে অভিযোগ করলেও সেগুলোর প্রতিকার হয়নি। তাঁর মন্ত্রণালয়ের ভেতরে চলমান অপকর্মের বিষয়ে নজরদারিতে না থাকা কি দায়িত্বশীলতার পরিচয়? ওই মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি জানেন। তারপরও কোনো ব্যবস্থা না নেওয়ার অর্থ—দুর্নীতি চালাতেই সহায়তা করা!
শুধু সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কর্মী নিয়োগে এমন অনিয়ম বাংলাদেশের শ্রমবাজারকেই ঝুঁকিতে ফেলছে। সরষের মধ্যেই যখন ভূত, তখন সরকারের উচ্চপর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই।