ক্রমাগত বিদ্যুতের ঘাটতি দেশকে ক্রমেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ক্রমবর্ধমান লোডশেডিংয়ের জাঁতাকলে পড়ে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। জীবনযাত্রার ভোগান্তি বাড়ছে। লেখাপড়া, কল-কারখানা, ব্যবসা-বাণিজ্য—সর্বত্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা একটি সুবৃহৎ এলাকা। এ এলাকার অধিকাংশ লোকই চাকরিজীবী ও ব্যবসায়ী। এ এলাকার অধিবাসীরা আজ বিদ্যুতের অব্যবস্থাপনার অসহায় শিকারে পরিণত হয়েছে। সন্ধ্যা হলেই অধিকাংশ এলাকা ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। শুধু সন্ধ্যা নয়, দিনেও এখন প্রচুর লোডশেডিং হচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের সময় অতিবাহিত করছে অন্ধকারের মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা বহু কষ্টে মোমবাতি জ্বালিয়ে কিংবা টর্চের আলোয় পড়ালেখা করেছে। অন্যদিকে, বিদ্যুৎনির্ভর চাষাবাদ, ব্যবসা-বাণিজ্য আজ ধ্বংসের মুখে। বিদ্যুতের অনিয়মের সঙ্গে সঙ্গে প্রতিদিনের জীবনযাত্রায় যে অনিয়ম ও উচ্ছৃঙ্খলতা দেখা দিয়েছে, তাতে জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই অশেষ ভোগান্তি দূর করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।কনিকা সুলতানাঘাটাইল, টাঙ্গাইল।