জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি দেখে এমন সিদ্ধান্তে পৌঁছা স্বাভাবিক যে পাবলিক বিশ্ববিদ্যালয় ধারণাটি আর আগের জায়গায় নেই। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য, এর স্বরূপ, জ্ঞান ও সত্য নির্মাণে এর ভূমিকা যেন বদলে গেছে অনেকখানি। আমাদের সময়কে বোঝার একটি খুব চেনা শব্দ ‘লোভ’, এখন তা আচ্ছন্ন করে ফেলেছে বিশ্ববিদ্যালয়কেও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের বদলে যাওয়া চেহারাটি ঠিক কেমন? আমরা দেখছি, শিক্ষকদের মধ্যে একটি শ্রেণী তৈরি গেছে, যাদের পেশা প্রথমত ‘রাজনীতি করা’, অর্থাৎ দলীয় রাজনীতির হিসাব মেলাতে সর্বদা তৎপর থাকা, শিক্ষকতা তাদের দ্বিতীয় ও গৌণ পেশা। বিশ্ববিদ্যালয়ে ক্রমান্বয়ে বেড়ে চলেছে ‘চাকরিজীবী’ শিক্ষকের সংখ্যা। যে দলই হরতাল ডাকুক, তাঁরা সযত্নে বিভাগে আসা পরিহার করেন, যে দল যে কারণেই ক্লাস বর্জনের ডাক দিক, তাঁরা ক্লাসমুখো হন না, তাঁরা তাঁদের চাকরির উপযোগী পরিবেশ চান, কিন্তু সেই পরিবেশ নির্মাণে বা টিকিয়ে রাখার ক্ষেত্রে নিজেরা কোনো দায়িত্ব নিতে চান না। অন্যদিকে, জাতীয় রাজনীতির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গাঁটছড়া সম্পর্ক উল্টে দিয়েছে স্বায়ত্তশাসনের ধারণা। এখন জাতীয় রাজনীতির দখলের মাঠ বিস্তৃত হয়ে ঢুকে পড়েছে বিশ্ববিদ্যালয়ে। হরতালে যেভাবে বাস-টেম্পো পুড়িয়ে জনগণকে জখম ও সন্ত্রস্ত করে রাস্তার দখল নেওয়া হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের হল ও ক্লাসরুমের দখল চলছে। উল্লেখযোগ্য একটি সাংস্কৃতিক পরিবর্তনও দেখছি, জাতীয় দলগুলোর সমর্থক শিক্ষকেরা দলে দলে মহড়া দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে। তাঁদের এ মহড়া শিক্ষার্থীদের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দেখানো দলীয় ‘শোডাউন’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উপাচার্যের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতিসহ নানা কঠোর কর্মসূচি পালন করছে। ইতিমধ্যে আন্দোলনরত শিক্ষকেরা ক্লাসরুমগুলোয় তালাও ঝুলিয়ে দিয়েছেন। কেন এ আন্দোলন? গত ৬ এপ্রিল একজন শিক্ষক ক্ষমতাসীন দলের এক ছাত্রনেতার হাতে লাঞ্ছিত হন। উপাচার্য সেই ছাত্রনেতাকে বহিষ্কার করবেন বললেও তা করেননি। এমন পরিস্থিতিতে একজন শিক্ষকের প্রতি অপরাধের বিচার চাইছেন সব শিক্ষকই। অপরাধ তদন্তে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তাতে আন্দোলনের পক্ষের শিক্ষকেরাই আছেন। আমরা জেনেছি, তদন্তকাজ অব্যাহত রয়েছে, একদিকে বিচার-প্রক্রিয়া চলছে, অন্যদিকে বিচার চাওয়ার পাশাপাশি তাঁরা আন্দোলনের মাধ্যমে উপাচার্যের পদত্যাগও ঘটাতে চাইছেন। উপাচার্যের পদত্যাগের দাবিতে অচলাবস্থা সৃষ্টি না করে বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি ছিল অপরাধ দমনে সুষ্ঠু বিচারকার্য নিশ্চিত করা। কিন্তু আন্দোলনকারী-পক্ষের মনোযোগ উপাচার্য পদটির দিকে। উপাচার্যকে চাপে রেখে এবং বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি করে কোনো পক্ষ পদ-পদবি, আবার কোনো পক্ষ চাইছে জাতীয় রাজনীতির হিসাব মেলাতে। এসব স্বার্থ-বুদ্ধির কাছে অপরাধের প্রতিবিধান তুচ্ছ হয়ে গেছে।আন্দোলনকারীরা একটি অন্যায়ের বিচারের নাম করে জন্ম দিচ্ছেন বড় বড় অন্যায়ের। তাঁরা শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষকদের ক্লাস নিতে বাধা সৃষ্টি করে যে অন্যায়ের জন্ম দিয়েছেন, তা মোটেও ছোট করে দেখার মতো নয়। জাতীয়তাবাদী শিক্ষকদের সঙ্গে এই আন্দোলনে যুক্ত আছেন এমন কিছু শিক্ষক, আগে যাঁরা ছিলেন এক স্বেচ্ছাচারী, অন্যায়ের পাহাড় গড়ে তোলা উপাচার্যের সমর্থক। সুতরাং, অন্যায়ের প্রতিবিধান কোনোভাবেই তাঁদের অন্বিষ্ট হওয়ার কথা নয়, তাঁদের চালিকাশক্তি সেই লোভ, যা ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের চরিতার্থতা চায়।পাবলিক বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উপাচার্য পদটিকে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে যিনি এতে আসীন থাকবেন, তাঁর পক্ষে বিস্তর অন্যায়ের জন্ম দিয়ে একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে ফেলা যেমন সম্ভব, তেমনি একে তিনি কাঙ্ক্ষিত বিদ্যায়তন হিসেবে গড়ে তুলতেও পারেন। সেটি পারেন তাঁর ওপর অর্পিত সেই ক্ষমতার সদ্ব্যবহারের মাধ্যমে। আমরা ইতিমধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথা জেনেছি, যিনি ক্ষমতার অসদ্ব্যবহারের চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করে অন্যায়ের রেকর্ড গড়েছেন। সেই তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বতন উপাচার্যের অপরাধ হয়তো কমই ছিল। একজন উপাচার্যের পতনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দায়িত্ব নিয়েছিলেন ক্যাম্পাসে শিক্ষার উপযোগী পরিবেশ নির্মাণের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে। কিন্তু সাংস্কৃতিক জোটের ওপর হামলাকারী সন্ত্রাসীরা যথাযথ তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়নি। হয়তো ‘ছাত্রলীগ’ পরিচয়ের কারণেই নামমাত্র দণ্ড দিয়ে তাঁদের দায়মুক্ত করা হয়েছিল। কিন্তু এই লঘু শাস্তির স্নেহ প্রদর্শনের পর তাঁদের অন্যায় কর্মকাণ্ড উৎসাহিত হয়েছে। পয়লা বৈশাখের শোভাযাত্রা থেকে নারী শিক্ষার্থীর ওপর সংঘটিত নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিচার সম্পন্ন করেছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার। তবে যেকোনো অপরাধীর ক্ষেত্রেই অন্যায়ের প্রতিবিধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আন্তরিক, দৃশ্যত তার প্রমাণ রাখতে হবে। অপরাধী যত ক্ষমতাবানই হোক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে তার শাস্তি নিশ্চিত করা অসম্ভব নয়। এ ক্ষেত্রে প্রশাসনের দৃঢ়তাই যথেষ্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা চলছে, দ্রুত তার অবসান জরুরি। আন্দোলনরত শিক্ষকদের উপলব্ধি করতে হবে যে তাঁরা সত্যি সত্যি অন্যায়ের প্রতিবিধান চান। তাঁরা যে সত্যিই সেটা চান, সেই প্রমাণ তাঁদের রাখতে হবে। জনগণের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে জিম্মি করে হাজারো শিক্ষার্থীর জীবন নিয়ে কিছু শিক্ষক বাজি ধরেছেন। তাঁদের দায় অনেকখানি। সাভারে রানা প্লাজা ধসের পর চরম মানবিক বিপর্যয়েও আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি অব্যাহত রেখেছেন, যা কাম্য ছিল না। শিক্ষকদের কায়েমি স্বার্থসিদ্ধির জায়গা থেকে বেরিয়ে এসে উচ্চশিক্ষার বৃহত্তর স্বার্থকে আমলে নিতে হবে। এটি তো নিশ্চিত যে সততা ও যৌক্তিকতা ছাড়া কোনো আন্দোলন গ্রহণযোগ্যতা পেতে পারে না। সব শিক্ষক ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব নিয়ে লোভের ছুরির নিচ থেকে বাঁচাতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়কে।রায়হান রাইন: শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।