শক্তিশালী স্থানীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী স্থানীয় সরকারের জন্য গণতান্ত্রিক শাসনের ধারাবাহিকতার ওপর জোর দিয়ে বলেছেন, নিরবচ্ছিন্ন গণতন্ত্র ছাড়া শক্তিশালী স্থানীয় সরকার সম্ভব নয়। গত বুধবার মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশসন অব বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি দুর্বল স্থানীয় সরকারের জন্য পঁচাত্তর-পরবর্তী সামরিক শাসনকে দায়ী করেছেন।প্রধানমন্ত্রী যখন এ বক্তব্য দিলেন, তখন তাঁর সরকার চার বছর পার করেছে। মাঝখানে দুই বছর বাদ দিলে দুই দশকেরও বেশি সময় ধরে দেশে গণতান্ত্রিক শাসন বহাল আছে। গায়ের জোরে কেউ ক্ষমতা দখল করেনি। কিন্তু স্থানীয় সরকার সংস্থাগুলোর নীতিকাঠামোয় মৌলিক পরিবর্তন আসেনি। আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল স্থানীয় সরকার সংস্থাগুলোকে শক্তিশালী করা। গত চার বছরে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না থাকা দুঃখজনক। বলার অপেক্ষা রাখে না, পাঁচ বছর পর পর নির্বাচন করলেই স্থানীয় সরকার শক্তিশালী কিংবা ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয় না। ২০০৯ সালে নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যানরা আন্দোলন করে আসছেন। কাগজপত্রে তাঁদের কিছু কিছু ক্ষমতা দেওয়া হলেও যথাযথ বাস্তবায়ন নেই। স্থানীয় সরকার সংস্থাগুলো শক্তিশালী না হওয়ার মূল কারণ সাংসদদের ‘প্রভুত্ববাদী’ মানসিকতা। তাঁরা কোনো পর্যায়েই কাউকে ক্ষমতার ভাগীদার করতে চান না। তবে এ কথা ঠিক, সরকার স্থানীয় সরকার সংস্থার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়িয়েছে। জনপ্রতিনিধিদের দামি গাড়ি ও অফিসই স্থানীয় সরকার শক্তিশালী করার নিয়ামক হতে পারে না। প্রধানমন্ত্রী তাঁর শাসনামলে কতগুলো স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হয়েছে, তার ফিরিস্তি দিয়েছেন। কিন্তু সেই সংস্থাগুলো কীভাবে চলছে, কার কতটুক কর্তৃত্ব আছে, সে সম্পর্কে কিছু বলেননি। দীর্ঘদিন নানা কৌশলে দেশের বৃহত্তম স্থানীয় সরকার সংস্থা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন আটকে রেখে স্থানীয় সরকার শক্তিশালী করার কথা বলা স্ববিরোধিতা ছাড়া কিছু নয়। স্থানীয় সরকার শক্তিশালী করতে মেয়াদান্তে প্রতিটি সংস্থার নির্বাচনের পাশাপাশি ক্ষমতার বিকেন্দ্রীকরণও নিশ্চিত করতে হবে।