শতবর্ষী মাঠে গুচ্ছগ্রামের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

নেলসন ম্যান্ডেলার পর্যবেক্ষণ ছিল, সমাজ শিশু-কিশোরদের প্রতি কী আচরণ করে, তার মধ্য দিয়ে সমাজের প্রকৃত চেহারা ফুটে ওঠে। সমাজ যখন শিশু-কিশোরদের সুষম বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেয়, তখন সমাজ পরিপূর্ণভাবে বিকশিত হয়। সুষম বিকাশের অন্যতম অনুষঙ্গ হলো ক্রীড়া। আর ক্রীড়া সংস্কৃতির প্রধান আধার হলো মাঠ।

সমাজের কাছে যখন ক্রীড়া-সংস্কৃতির মূল্য কমতে থাকে, তখন খেলার মাঠ একের পর এক ‘নাই’ হতে থাকে। দোকানপাট, বাজার-বস্তি গড়ে ওঠে। এ এক ভয়াবহ ব্যাধি। নব্বই দশকের পর থেকে এ পর্যন্ত এই ব্যাধির কারণে দেশের হাজার হাজার মাঠ হারিয়ে গেছে। তার সঙ্গে হারিয়ে যাচ্ছে অগণিত শিশুর খেলাধুলামুখর শৈশব। এর ফলে শিক্ষাকে শ্রেণিকক্ষের চার দেয়ালের গণ্ডি ছাপিয়ে মাঠে-ঘাটে নিয়ে যাওয়ার আধুনিক ধারণা হোঁচট খাচ্ছে। শিক্ষাকে মাঠে-ঘাটে নিয়ে যাওয়া মানে সমাজের সর্বস্তরের বাসিন্দার কাছে নিয়ে যাওয়া। প্রকৃতির কাছে নিয়ে যাওয়া, পশুপাখিদের আপন ডেরার কাছে নিয়ে যাওয়া এবং অবশ্যই আক্ষরিক অর্থে মাঠ অর্থাৎ খেলার মাঠের কাছে নিয়ে যাওয়া। অথচ অধিকাংশ আবাসিক এলাকায়, এমনকি বিদ্যালয়ে খেলার মাঠ নেই। আগে মাঠগুলোকে নানাভাবে নিশ্চিহ্ন করা হচ্ছে।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের সৈয়দপুরের শতবর্ষী খেলার মাঠ সেই ‘নাই হওয়ার’ ঝুঁকিতে পড়ে গেছে। ৭৫ শতক জায়গা নিয়ে এই খেলার মাঠ। এই মাঠে প্রতিবছর ফুটবল, ক্রিকেট ও হাডুডু খেলা হয়। সেই মাঠে গুচ্ছগ্রাম নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আশার কথা, এলাকাবাসী এই ক্রীড়াঘাতী সিদ্ধান্তকে মেনে নেয়নি। তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এবং মাঠে ফুটবল খেলে ওই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে।

এ কথা ঠিক, ভূমিহীন ও সহায়–সম্বলহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা অতীব জরুরি। যেসব খাসজমি অনাবাদি হিসেবে পড়ে আছে, সেখানে তাদের পুনর্বাসন করা যেতে পারে। সেখানে গুচ্ছগ্রাম হতে পারে। কিন্তু শতবর্ষের পুরোনো একটি মাঠকে নিশ্চিহ্ন করে এলাকার সর্বস্তরের শিশু-কিশোর-তরুণদের খেলা ভন্ডুল করে সেখানে এ ধরনের স্থাপনা তোলা বিধেয় হবে না। প্রশাসনের দিক থেকে বলা হয়েছে, মাঠটিতে বছরের একটা সময় খেলা হয়। বাকি সময় সেখানে জলাবদ্ধতা থাকে বলে তারা এমন উদ্যোগ নিতে চেয়েছে। যদি তাই হয়, তাহলে মাঠে পর্যাপ্ত মাটি ফেলে সেটিকে সারা বছরের জন্য খেলার উপযোগী করে তোলা হোক। গুচ্ছগ্রামও হোক, মাঠও থাকুক।