শনাক্ত হচ্ছে না যক্ষ্মা রোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যক্ষ্মা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। এই রোগের জন্য দায়ী মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামের একটি জীবাণু। হৃৎপিণ্ড, অগ্ন্যাশয়, ঐচ্ছিক পেশি, থাইরয়েড গ্রন্থি ছাড়াও যক্ষ্মা শরীরের যেকোনো অঙ্গে হতে পারে। তবে সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি ও ব্যবহৃত জিনিস দ্বারা এর জীবাণু অন্যের শরীরে প্রবেশ করে। এ ছাড়া অপুষ্টির কারণে, স্যাঁতসেঁতে পরিবেশে বসবাস করলে একজন ব্যক্তি যক্ষ্মা রোগে আক্রান্ত হতে পারে।

একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি হওয়া, ক্ষুধামান্দ্য হওয়া, রাতে ঘাম ও জ্বর হওয়া, দ্রুত ওজন হারানো এবং কফের সঙ্গে রক্তের উপস্থিতি যক্ষ্মা রোগের লক্ষণ। তবে অনেক সময় শারীরিক রোগ প্রতিরোধক্ষমতা বেশি থাকলে যক্ষ্মার লক্ষণ সহজে প্রকাশিত হয় না। বিপদটা এখানেই, লক্ষণ প্রকাশ না পেলে কেউ চিকিৎসকের কাছে যান না। আবার অনেকে যক্ষ্মা রোগের লক্ষণ সম্পর্কেও খুব একটা ওয়াকিবহাল নন।

এমনিতে যক্ষ্মা রোগীদের জন্য সরকার বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে। দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক/হাসপাতাল, নগর স্বাস্থ্যকেন্দ্র, এনজিও ক্লিনিক ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিনা মূল্যে কফ পরীক্ষা, রোগ নির্ণয়সহ যক্ষ্মার চিকিৎসা করা হয় ও ওষুধ দেওয়া হয়। এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।

এখন সব যক্ষ্মা রোগী যাতে শনাক্ত হয়, সে জন্য সরকারকে কিছু উদ্যোগ নিতে হবে। যেমন যক্ষ্মা রোগের বিপদ ও এর লক্ষণ সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে হবে, যাতে দেশের সব মানুষ এ সম্পর্কে জানতে পারে। সরকারকে দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগ শনাক্তকরণের আধুনিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে।