তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও তানোর থানা যুবদলের সভাপতি মিজানুর রহমানের আটকের ঘটনাটি যেমন উদ্বেগজনক, তেমনি নিন্দনীয়। বুধবার রাজশাহী ও নাটোর জেলার ১৮ পৌরসভার মেয়র ও কাউন্সিলররা রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শপথ নিলেও মিজানুর রহমান অংশ নিতে পারেননি। শপথ অনুষ্ঠানে যাওয়ার পথেই তাঁকে আটক করা হয়। এর আগে ১৪ জানুয়ারি রাজশাহীতে শপথ নিতে গিয়ে নাশকতার মামলায় আটক হন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মঞ্জিলা খাতুন।
বোয়ালিয়া থানা-পুলিশ মিজানুর রহমানকে আটকের কথা স্বীকার করলেও তাঁর বিরুদ্ধে কী মামলা হয়েছে, তা বলতে রাজি হয়নি। অন্যদিকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দাবি, মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা থাকলে তার বিচার হোক, সেটা অবশ্যই আমরা চাই। নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নেওয়ার পর বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই হতে পারে। কিন্তু কাউকে শপথ নিতে না দেওয়ার উদ্দেশ্যে আটক করা সমর্থনযোগ্য নয়। বিভিন্ন পৌরসভায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মধ্যে যাঁরা আওয়ামী লীগ মনোনীত ছিলেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। তাঁরা যদি নির্বিঘ্নে শপথ নিতে পারেন, মিজানুর রহমান কেন পারবেন না?
২৩৪টি পৌরসভার মধ্যে মাত্র হাতে গোনা কয়েকটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের শপথ গ্রহণেও যদি এভাবে বাধা দেওয়া হয়, তাহলে স্থানীয় সরকার সংস্থাটিও একদলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, যা কারও কাম্য নয়।
আমরা অবিলম্বে মেয়র মিজানুর রহমান যাতে শপথ নিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। প্রয়োজনে প্যারোলে মুক্তি দিয়েও তাঁকে শপথ পড়ানো যেতে পারে।