ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় ২০০ কোটি ডলারের ভারতীয় ঋণের ব্যাপারে যে চুক্তি হয়েছে, তার শর্তগুলো কেবল কঠিন নয়, অনেক ক্ষেত্রে তা বাস্তবায়ন অযোগ্য।
এর আগেও ১০০ কোটি ডলার ঋণের ক্ষেত্রে (লাইন অব ক্রেডিট বা এলওসি) একই সমস্যা হয়েছিল এবং তখন বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে শর্ত কিছুটা শিথিল করেছিল ভারত। এবার দ্বিতীয় এলওসির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম এলওসির ক্ষেত্রে শর্তের যে শিথিলতা আনা হয়েছিল, তা আবার কঠিন করা হয়েছে। ফলে কিছু প্রকল্পের ক্ষেত্রে এই ঋণ আদৌ ব্যবহার করা যাবে কি না, সেই প্রশ্ন উঠেছে।
গতবার শুরুতে ঋণের শর্ত ছিল অর্থ খরচের ক্ষেত্রে ৭৫ শতাংশই ভারত থেকে মালামাল এনে বা ভারতীয় ঠিকাদার বা পরামর্শকদের পেছনে খরচ করতে হবে। পরে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে তা শিথিল করে ৬৫ শতাংশ করা হয়। এখন আবার নতুন ঋণের ব্যাপারে বলা হচ্ছে যে সব প্রকল্পের ক্ষেত্রেই ৭৫ শতাংশ খরচ ভারতে করতে হবে।
এবারের ২০০ কোটি ডলারের এলওসিতে এমন কিছু অবকাঠামোগত প্রকল্প রয়েছে, যা বাস্তবায়নের ক্ষেত্রে এই শর্ত মেনে চলা কার্যত অসম্ভব। বিভিন্ন প্রকল্পের কারিগরি যন্ত্রপাতি, বাস-ট্রাকের মতো যানবাহন বা রেলওয়ে উন্নয়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চয়ই ভারত থেকে আনা যেতে পারে। কিন্তু তাই বলে ইট, বালু, সিমেন্ট! সড়ক বা এ ধরনের অবকাঠামো নির্মাণে ৭৫ শতাংশ অর্থ ভারতে খরচ করা মোটেই বাস্তবসম্মতও নয়।
ভারতের এই ২০০ কোটি ডলার ঋণে যেসব প্রকল্প বাস্তবায়িত হবে, তাতে কেবল বাংলাদেশ নয়, ভারতও লাভবান হবে। দুই দেশের মধ্যে যোগাযোগ সহজতর হবে। আর এই ঋণকে যদি সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য ‘সহায়তা’ হিসেবে বিবেচনা করতে হয়, তবে শর্তের এত কড়াকড়ি কেন? আগে যে বিবেচনায় শর্ত শিথিল করা হয়েছিল, তা থেকে সরে আসার কারণ নেই। এ ব্যাপারে এখনই ভারতের সঙ্গে আলোচনা করে ঋণের শর্ত শিথিল করার উদ্যোগ নেওয়া হোক।