শহীদ-কন্যা ডরোথির কান্না ও স্বৈরাচারের বক্র হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ। রক্তের অক্ষরে লেখা পাশাপাশি দুটি তারিখ। বছরটি ছিল লিপ ইয়ার। এবার যেমন ২৮ ফেব্রুয়ারির পর ১ মার্চ এসেছে, সেবার তা ছিল না। মাঝখানে ২৯ ফেব্রুয়ারি ছিল। মানুষ ২৮ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল ১ মার্চ দেশব্যাপী ধর্মঘট ডেকে। ছাত্র ও শ্রমিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংগ্রাম এক স্রোতে এসে মিলিত হয়েছিল।

১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি স্বৈরাচারী এরশাদের পুলিশ বাহিনী ট্রাকচাপা দিয়ে খুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এইচ এম ইব্রাহিম সেলিম ও কাজী দেলোয়ার হোসেনকে। তাঁরা দুজনই ছিলেন ছাত্রলীগের নেতা। সেদিন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজ শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ বাহিনী সেই মিছিলের ওপর ট্রাক উঠিয়ে দেয়। বাংলাদেশে এ রকম বর্বরোচিত ঘটনা আর ঘটেনি। এরপর ১ মার্চ রাজনৈতিক দল ও শ্রমিকসমাজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিলে সরকারের লেলিয়ে দেওয়া গুন্ডারা আদমজী মিলে শ্রমিক-মিছিলে হামলা করে শ্রমিকনেতা তাজুল ইসলামকে হত্যা করে।

সেলিম, দেলোয়ার ও তাজুলের আত্মত্যাগের পথ ধরে দীর্ঘ নয় বছরের আন্দোলনের মাধ্যমে নব্বইয়ে স্বৈরাচারী এরশাদের পতন ঘটে। রাজনৈতিক দলগুলো সেদিন তিন জোটের রূপরেখা দিয়ে গণতন্ত্রকে সংহত এবং স্বৈরাচারকে চিরতরে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিল। কিন্তু যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে পরবর্তী সময়ে নূর হোসেন, রউফুন বসুনিয়া, ডা. শামসুল আলম মিলনসহ বহু নেতা-কর্মী ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন। ক্ষমতার রাজনীতি তাঁদের কথা মনে রাখেনি। শহীদদের স্বপ্ন ও আদর্শ থেকে রাষ্ট্র এখন বহু দূরে।

অন্যান্য দিবসের মতো সেলিম-দেলোয়ার দিবসটিও প্রায় নীরবে চলে গেছে। সেলিমের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে এবং দেলোয়ারের বাড়ি ছিল পিরোজপুরের ভান্ডারিয়ায়। তাঁদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়া কোনো সংগঠনকে কর্মসূচি নিতে দেখা যায়নি। অথচ সেলিম-দেলোয়ারের সহযাত্রীদের অনেকে এখন সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁদের কাছে মনে হয় শহীদ সেলিম-দেলোয়ারের কোনো মূল্য নেই। মূল্য আছে স্বৈরাচারের।

চুরাশির ফেব্রুয়ারি-মার্চের তিন শহীদ সেলিম, দেলোয়ার ও তাজুল ছিলেন খুবই সাধারণ পরিবারের সদস্য। তাজুল পড়াশোনা শেষ করে স্বেচ্ছায় শ্রমিকদের সঙ্গে কাজ করতে গেলেও অপর দুজন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মা-বাবার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে সন্তানেরা নিজের পায়ে দাঁড়াবে, পরিবারের হাল ধরবে, দেশের সেবা করবে। কিন্তু তার আগেই ঘাতক ট্রাক দুটি সম্ভাবনাময় জীবন কেড়ে নিল। সেলিম-দেলোয়ারের স্মরণে রেখে সেদিন অনেকেই কবিতা লিখেছিলেন। ফরহাদ মযহার তাঁর কবিতার নাম দিয়েছিলেন ‘লে. জেনারেল ট্রাক’। কোনো সভ্য দেশে মিছিলে ট্রাক উঠিয়ে কিংবা মাস্তান লেলিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হয় না। চিলিতে যদি সামরিক শাসনামলের হত্যা-নির্যাতনের দায়ে সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোচেতের বিচার হতে পারে, তাহলে বাংলাদেশে কেন এরশাদের বিচার হবে না?

গতকাল মঙ্গলবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে শহীদ সেলিমের কন্যা নুসরাত জাহান ডরোথির সাক্ষাৎকারটি পড়ে মন সত্যি সত্যি খারাপ হয়ে গেল। ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি যখন সেলিম পুলিশের ট্রাকচাপায় মারা যান, তখন তাঁর বয়স মাত্র ছয় মাস। ফলে বাবার কোনো স্মৃতি তাঁর মনে থাকার কথা নয়। তিনি বাবা সম্পর্কে শুনেছেন মা ও অন্য আত্মীয়স্বজনের কাছে। কিন্তু অন্যান্য মেয়ের মতো বাবার স্নেহ পাওয়ার অধিকার তাঁরও ছিল।

ডরোথির মা নাসিমা জাহানও ছিলেন অনার্স শেষ বর্ষের ছাত্রী। সেলিম মারা যাওয়ার পর আর্থিক অনটনের কারণে তাঁর পড়াশোনাও বন্ধ হয়ে যায় এবং মা-বাবার কাছে চলে যান। তিনি পিতৃহারা শিশুসন্তানকে অনেক কষ্টে মানুষ করলেও ঠিকমতো পড়াশোনা করাতে পারেননি। নবম শ্রেণির পর ডরোথির পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তিনি এসএসসি ও এইচএসসি পাস করে এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে চাকরি করছেন। এটুকুই কি একজন শহীদ-কন্যার প্রাপ্য ছিল?

শ্রমিকনেতা তাজুলের বাড়ি ছিল কুমিল্লা জেলার মতলব থানায়। নবম শ্রেণিতে পড়ার সময়ই বামপন্থী ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং ষাটের দশকের শেষ দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পার্টির হয়ে কাজ করেছেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। তাঁর কর্মক্ষেত্র ছিল দেশের বৃহত্তম আদমজী জুট মিলে। এখন সেই আদমজীও নেই। নেই শ্রমিকদের পক্ষে কথা বলার মানুষও।

আমাদের দেশে শহীদেরা এখন আর স্মরণীয় মানুষ নন, ক্ষমতার সিঁড়ি। শহীদ সেলিমের কন্যা ডরোথি আক্ষেপ করে বলেছেন, সমাজ তাঁর বাবাকে ভুলে গেছে। তিনি চান তরুণ প্রজন্ম জানুক, কেন তাঁর বাবা এবং তাঁর সহযাত্রীরা জীবন দিয়েছেন। শহীদ সেলিম কেবল ভালো ছাত্র ছিলেন না, একজন দক্ষ সংগঠকও ছিলেন। ডরোথি বরিশালের বিভিন্ন পত্রিকা অফিসে ধরনা দিয়েছেন তাঁর বাবার আত্মত্যাগের কথা দেশবাসীকে জানাতে। এটি দেশের গণতান্ত্রিক রাজনীতি, রাজনৈতিক দল ও সরকারের জন্যও লজ্জাজনক।

আমরা আর কত দিন শহীদদের ভুলে থাকব আর স্বৈরাচারের সঙ্গে সখ্য গড়ব? শহীদ সেলিম-দেলোয়ার-নূর হোসেন-তাজুল-মিলনদের যারা হত্যা করেছে, তাদের বক্র হাসি আর কত দিন দেখতে হবে? আর কত দিন শহীদের স্বজনদের আহাজারি শুনতে হবে?