শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘উদয়ের পথে শুনি কার বাণী,/ “ভয় নাই, ওরে ভয় নাই—/ নিঃশেষে প্রাণ যে করিবে দান/ ক্ষয় নাই তার ক্ষয় নাই...।”’ ১৯৭১ সালে দেশের শ্রেষ্ঠ সন্তানেরা নিঃশেষে প্রাণ দিয়ে গেছেন। জীবন দিয়ে তাঁরা দেখিয়েছেন, দেশমাতৃকার মুক্তি ও স্বাধীনতার জন্য কীভাবে ত্যাগ স্বীকার করতে হয়। তাঁদের এই আত্মদান জাতির চিরপ্রেরণার উৎস হয়ে থাকবে।

১৯৭১ সালে আমাদের বিজয়ের আগমুহূর্তে যখন দখলদার পাকিস্তানি বাহিনী দেখল তাদের পরাজয় অনিবার্য, তখনই তালিকা করে জাতির বরেণ্য সন্তানদের হত্যার জন্য ঘাতক বাহিনী আলবদর-আলশামসকে লেলিয়ে দেয়।  স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকেই পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করে আসছিল। ডিসেম্বরে তারা চূড়ান্ত আঘাত করে, যার উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য করা। মুক্তিযুদ্ধের প্রথম প্রহর থেকে বিজয়ের আগমুহূর্ত পর্যন্ত যেসব বরেণ্য বুদ্ধিজীবীকে আমরা হারিয়েছি, তাঁদের মধ্যে আছেন অধ্যাপক গোবিন্দ চন্দ্র দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশীদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, আ ন ম গোলাম মোস্তফা, সেলিনা পারভীন প্রমুখ।

পাকিস্তানি দুঃশাসনের দিনগুলোয় আমাদের লেখক, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা বিবেকের কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যায়ের প্রতিবাদ করেছেন। নিজেদের জ্ঞান-মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন। এসব কারণেই তাঁরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের জিঘাংসার শিকার হয়েছেন। এত কম সময়ে এত বেশিসংখ্যক বুদ্ধিজীবী নিধনের উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া আর কখনো ঘটেনি।

দীর্ঘ অপেক্ষার পর বুদ্ধিজীবী হত্যায় জড়িত কয়েকজন শীর্ষ অপরাধীর  বিচার ও শাস্তি কার্যকর হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসতে পেরেছে। এটি জাতির জন্য স্বস্তিকর। কিন্তু অস্বস্তির বিষয় হলো আদালতের রায়ে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত বিদেশে পলাতক আলবদর কমান্ডার চৌধুরী মঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে আমরা ফিরিয়ে আনতে পারিনি। এঁরা যে বুদ্ধিজীবী হত্যার মূল হোতা, সেটা আদালতের রায়েও বেরিয়ে এসেছে। প্রথম আলোয় আন্তর্জাতিক অপরাধ আদালত-২-এর বিচারপতি ওবায়দুল হাসান তাঁর রায়ের পর্যবেক্ষণে এই দুই ঘাতকের নির্মমতার যে চিত্র তুলে ধরেছেন, তাতে গা শিউরে ওঠে। আশরাফুজ্জামান বর্তমানে যুক্তরাষ্ট্রে ও চৌধুরী মঈনুদ্দীন যুক্তরাজ্যে বসবাস করছেন। যেসব রাষ্ট্র নিজেদের মানবতা ও ন্যায়বিচারের রক্ষক বলে দাবি করে, তারা কীভাবে এই ঘৃণ্য ঘাতকদের আশ্রয় দেয়? তাঁদের দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা জোরদার করা প্রয়োজন।

আমরা জাতির এই মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করি। কিন্তু যাঁরা নিজেদের জ্ঞান-মনীষা ও অধ্যবসায়ের মাধ্যমে জাতিকে পথ দেখিয়েছেন, আলোকিত করেছেন, তাঁদের বছরের একটি দিন স্মরণ করাই যথেষ্ট নয়।  আমাদের অনুধাবন করতে হবে কেন এই মহৎপ্রাণ মানুষগুলো জীবন দিয়েছেন। তাঁদের চিন্তা ও আদর্শ কী ছিল। সংবাদপত্রের পাতায় যখন শহীদ বুদ্ধিজীবী পরিবারের দুর্দশার খবর আসে, তখন মনে হয় রাষ্ট্র তাঁদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হয়েছে। কেন এমন হবে?

বুদ্ধিজীবীদের স্মরণে আজ যে দিবস পালিত হচ্ছে তা সার্থক হবে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কাজে ব্রতী হই, তাঁদের  জীবনাদর্শকে নতুন প্রজন্মকে জানাতে পারি, কেন তাঁরা জীবন দিয়েছিলেন। তাঁরা যে উন্নত চিন্তা ও সমৃদ্ধ অর্থনীতির দেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথ ধরেই আমরা এগিয়ে যাব, এই হোক শহীদ বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।