শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের উৎসব উদ্যাপনের ঠিক আগেই আমাদের সামনে চলে আসে গভীর বেদনায় ভরা একটি দিন—১৪ ডিসেম্বর। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও সংগ্রাম যখন চূড়ান্ত বিজয়শিখরে পৌঁছাবে, ঠিক তার প্রাক্কালে শেষ আঘাতটা হেনেছিল দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আলশামস। সে আঘাত ছিল বাঙালি জাতির শ্রেষ্ঠ সম্পদের ওপর। তারা পরিকল্পিতভাবে বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের। সদ্য স্বাধীন বাংলাদেশ যেন মেধায়-মননে দীন হয়ে পড়ে, যেন স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে—এটাই ছিল ঘাতকদের সুদূরপ্রসারী লক্ষ্য। আর তাৎক্ষণিক লক্ষ্য ছিল আসন্ন পরাজয়ের প্রতিহিংসা চরিতার্থ করা। সন্দেহ নেই, এ এক চরম কাপুরুষতা।আজ আমরা গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে বিজয়ের চূড়ান্তলগ্নে যাঁদের আমরা হারিয়েছি। শ্রদ্ধা জানাচ্ছি অধ্যাপক মুনীর চৌধুরী, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমেদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বী, ডা. আলীম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভীনসহ স্বাধীনতাযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি, তাঁদের শোকার্ত পরিবার-পরিজনের প্রতি।বুদ্ধিজীবী নিধনের এই ঘৃণ্যতম অপরাধটির এক বিশেষ বৈশিষ্ট্য হলো, দেশেরই কিছু মানুষ তা ঘটানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। রাজাকার, আলবদর আর আলশামস বাহিনীর সদস্যদের সক্রিয় সহযোগিতা ছাড়া পাকিস্তানি হানাদারদের পক্ষে এতটা ব্যাপক এবং লক্ষ্যভেদী হত্যাযজ্ঞ চালানো সম্ভব ছিল না। স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের উঠিয়ে এনেছে; তুলে দিয়েছে পাকিস্তানি বাহিনীর হাতে, কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই হত্যাযজ্ঞ সম্পন্ন করেছে। আর কী গ্লানির বিষয় যে সেই বিশ্বাসঘাতকদের অনেকেই স্বাধীন বাংলাদেশের সমাজে ও রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, এমনকি মন্ত্রিত্বও পেয়েছে। পাকিস্তানি প্রেতাত্মারা আজও স্বাধীন বাংলাদেশের মাটিতে সক্রিয়। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলাদেশের চেতনাকে নস্যাৎ করার জন্য আজও তারা ষড়যন্ত্র করে চলেছে।এ বছর আমরা যখন শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদ্যাপন করছি, তখন যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া এগিয়ে চলছে। ইতিমধ্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, প্রধান অভিযুক্তদের কয়েকজনকে আটকও করা হয়েছে। সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন প্রক্রিয়াধীন আছে। আমরা মনে করি, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড জঘন্যতম যুদ্ধাপরাধ। এবং এই জঘন্যতম অপরাধযজ্ঞের অগ্রভাগে ছিল এ দেশেরই কিছু কুসন্তান—রাজাকার, আলবদর, আলশামস বাহিনী। বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের বিচার দিয়েই যুদ্ধাপরাধীদের বিচারের সামগ্রিক প্রক্রিয়া উত্তরণের পথে যেতে পারে। বুদ্ধিজীবী হত্যার প্রতিটি ঘটনার তদন্ত এবং যেসব ঘটনায় মামলা হয়েছিল, বিচার চলছিল বা অনিষ্পন্ন রয়ে গেছে বা রাজনৈতিক কারণে মামলা নষ্ট করা হয়েছে, সেগুলো পর্যালোচনা ও পুনরায় তদন্তের উদ্যোগ নিশ্চয়ই শহীদদের স্বজনদের শোকের অনলে কিছুটা হলেও সান্ত্বনা এনে দেবে। এভাবেই আমরা এবারের শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি।