শহীদ বুদ্ধিজীবী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বর বিজয়ের মাস। বিজয়ের দিনটি আসার ঠিক আগে প্রতিবছরই গভীর বেদনা নিয়ে আমাদের সামনে হাজির হয় ১৪ ডিসেম্বর। আজ সেই বেদনার দিন—শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আমরা হারিয়েছি স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত: অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, সাহিত্যিক সেলিনা পারভীনসহ আরও অনেককে। একই সঙ্গে আন্তরিক সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যাঁরা দীর্ঘ ৪১ বছর ধরে বয়ে চলেছেন আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট।স্বাধীনতাযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞের সূচনা করেছিল, একেবারে শেষ দিকে এসে পরাজয়ের আগমুহূর্তে তা রূপ নেয় দেশের শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিত হত্যাকাণ্ডে। পাকিস্তানি সামরিক জান্তা তখন তাদের এদেশীয় দোসরদের সহযোগিতায় বেছে বেছে হত্যা করেছিল জাতির অগ্রণী শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের। এ ধরনের হত্যাযজ্ঞের কারণটি স্পষ্ট, পরাজয় নিশ্চিত জেনে তারা চেয়েছিল, স্বাধীনতার পথে এগিয়ে যাওয়া দেশটিকে মেধায়-মননে পঙ্গু করে দিতে। যাতে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পিত ঘটনাটির সঙ্গে এ দেশেরই কিছু মানুষ সক্রিয় ভূমিকা পালন করেন। পাকিস্তানি বাহিনীর সহযোগী শক্তি রাজাকার, আলবদর আর আলশামস বাহিনীর সদস্যদের সক্রিয় সহযোগিতার ফলেই এতটা ব্যাপক ও পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো সম্ভব হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এই বাহিনীগুলোর সদস্যরাই বাড়ি বাড়ি গিয়ে বুদ্ধিজীবীদের উঠিয়ে এনেছেন; তুলে দিয়েছেন পাকিস্তানি বাহিনীর হাতে, কোনো কোনো ক্ষেত্রে নিজেরাই হত্যাযজ্ঞ সম্পন্ন করেছেন। আমাদের জন্য এটা গ্লানি আর দুর্ভাগ্যের বিষয় যে সেই বিশ্বাসঘাতকদের অনেকেই স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে ও সমাজে পুনর্বাসিত হয়েছেন, তাঁদের কেউ কেউ এমনকি মন্ত্রী হয়ে গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে চলাফেরা করেছেন! দীর্ঘদিন পরে হলেও একাত্তরে যাঁরা হত্যাযজ্ঞ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনে জড়িত ছিলেন, তাঁদের বিচারের প্রক্রিয়া সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের কাজ শেষ হয়েছে, একটির ক্ষেত্রে যেকোনো দিন রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর মধ্যে সর্বাধিক পরিকল্পিত অপরাধ, ঠান্ডা মাথায় ঘটানো নিধনযজ্ঞ। এই জঘন্যতম অপরাধযজ্ঞের অগ্রভাগে ছিলেন এ দেশেরই কিছু মানুষ—রাজাকার, আলবদর, আলশামস বাহিনী। এই বাহিনীর সঙ্গে জড়িত থেকে যাঁরা হত্যাযজ্ঞের নেতৃত্ব দিয়েছেন, তাঁদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়েই আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করতে পারি। যে বিচার-প্রক্রিয়া চলছে, তা সঠিকভাবে চললে আগামী শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা কিছুটা হলেও গ্লানিমুক্তভাবে পালন করতে পারব।