শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো শোকের হুতাসন শতবর্ষেও নেভে না। একাত্তরের গণহত্যা এবং তার শীর্ষে জাতীয় বুদ্ধিজীবীদের হত্যার শোক তেমন। ২৪ বছরের সংগ্রাম আর নয় মাসের মুক্তিযুদ্ধের অধরা স্বপ্ন যখন হাতে ধরা দেবে, বুদ্ধিজীবী হত্যা তখনই ঘটল। তাই একাত্তরের পরের প্রতিটি বছর বিজয়ের আনন্দের সঙ্গে মিশে থাকছে শোকের সন্তাপ। আগামীকাল বুধবার সেই বেদনার দিন—শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে দেশবাসী গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেসব মানুষের স্মৃতি, যাঁরা ছিলেন দেশপ্রেম ও মননশীলতায় অগ্রণী এক প্রজন্ম।
পাকিস্তানি হানাদার বাহিনীর আগ্রাসন যখন প্রতীক্ষিত পরাজয়ে রূপ নিচ্ছিল, তখন তারা ঠান্ডা মস্তিষ্কে পরিকল্পনা করছিল অন্তিম আঘাতের। একাত্তরের ২৫ মার্চের কালরাত থেকেই জনগণের প্রতিটি অংশই গণহত্যার শিকার হতে থাকে। স্বাধীনতাসংগ্রামের সূচনা থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের আগের মুহূর্ত পর্যন্ত আমরা হারিয়েছি অধ্যাপক জি সি দেব, মুনীর চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. মোফাজ্জল হায়দার চৌধুরী, রাশেদুল হাসান, ড. আনোয়ার পাশা, সিরাজুদ্দীন হোসেন, শহীদুল্লা কায়সার, নিজামুদ্দীন আহমদ, গিয়াসউদ্দিন আহমদ, ডা. ফজলে রাব্বি, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীনসহ আরও অনেককে। তাঁরা সবাই ছিলেন চিন্তা ও মানবতার পথের মেধাবী পথিক। পরাজয় নিশ্চিত জেনে মানবতার বিরুদ্ধের অপরাধীরা চেয়েছিল মুক্তির সোপানে পা রাখা দেশটি যেন বুদ্ধিবৃত্তিক শূন্যতায় নিপতিত হয়। জাতীয় জীবনের সব ক্ষেত্রে সেই শূন্যতা আমরা আজও অনুভব করে চলেছি। তাঁদের হারিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁদের স্বজনেরাও বয়ে চলেছেন এক খণ্ডিত জীবনের ভার। আমরা তাঁদের শোকের সমব্যথী, আমরা তাঁদের ত্যাগের উত্তরাধিকারী।
সান্ত্বনা শুধু এই বুদ্ধিজীবী হত্যায় জড়িত কয়েকজন শীর্ষ ঘাতকের বিচার ও শাস্তি কার্যকর হয়েছে এবং বিচার-প্রক্রিয়াও এগিয়ে চলেছে। কিন্তু এই হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তানি সামরিক বাহিনীসহ তাদের আন্তর্জাতিক মদদদাতাদের বিচারের ইস্যুটি বিশ্বপরিসরে জোরদার করা যায়নি এখনো। এখনো দেখা যায় বধ্যভূমিগুলো অনাদরে পড়ে থাকছে। শহীদ বুদ্ধিজীবীদের কর্ম ও স্মৃতির যথাযথ সংরক্ষণের এই দায় সরকারসহ সবার।
শোকের এই লগ্নে স্মরণের পাশাপাশি দরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ অর্জনের অঙ্গীকার।