বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার সাবেক সাংসদ প্রয়াত ফেরদৌস জামান মুকুল ১৯৯৮ সালে এলাকার বিদ্যানুরাগী ব্যক্তিদের সঙ্গে নিয়ে নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে শেরপুর উপজেলার সীমাবাড়ী মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন। রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক কলেজটি প্রথমে পাঠদানের অনুমতি এবং পরবর্তী সময়ে স্বীকৃতিপ্রাপ্ত হয়। গত বছর নভেম্বর মাসে কলেজটির প্রতিষ্ঠাতা ফেরদৌস জামান মারা যাওয়ায় কলেজটি কিছুটা অভিভাবকহীন হয়ে পড়ে। স্থানীয় নেতারা কলেজটি এমপিওভুক্ত করার আশ্বাস দিলেও তা কার্যকর হয়নি। এদিকে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ২০০০-০১ অর্থবছরে কলেজ চত্বরে জাতীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। শহীদ মিনারটি একটি পুকুরসংলগ্ন হওয়ায় কালের বিবর্তনে সেটির তিন পাশের মাটি ভেঙে পুকুরের মধ্যে চলে গেছে। যেকোনো সময় শহীদ মিনারটি পুকুরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। কলেজ তহবিলে এমন কোনো অর্থ নেই যা দ্বারা শহীদ মিনারটি রক্ষা করা সম্ভব। শহীদ মিনারটি ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে সরকারের আর্থিক সহায়তা প্রয়োজন।মো. আমিনুল ইসলাম, সিনিয়র প্রভাষক, হাজি ওয়াহেদ-মরিয়ম বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দাইকোনা, সিরাজগঞ্জ।