স্বাধীনতার পথে পূর্ব পাকিস্তানের যে অভিযাত্রা, তাতে এ দেশের শিল্পী-সাহিত্যিকদের বড় ভূমিকা ছিল। আমাদের স্বাধীনতাযুদ্ধের সময় এবং বিশেষভাবে বিজয়ের প্রাক্কালে হানাদার বাহিনী, বিশেষত তাদের এদেশীয় দোসর আলবদর-রাজাকাররা বেছে বেছে শিল্পী-সাহিত্যিক পেশাজীবীদের হত্যা করেছে। তাঁদের সবাইকে এক শব্দে বোঝানোর সুবিধার জন্য হয়তো বুদ্ধিজীবী শব্দটি একটু ব্যাপক অর্থেই ব্যবহার করা হচ্ছে। তবে এ দেশে জ্ঞান ও মুক্তচিন্তার আলো ছড়ানোর কাজে বুদ্ধিজীবীদের যে অগ্রণী ভূমিকা ছিল, তা অস্বীকার করা যাবে না।১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা পর্বটা উচ্চতর জ্ঞানচর্চা, মৌলিক গবেষণা, মুক্তচিন্তার ক্ষেত্রে প্রায় রাতারাতি একটি আন্তর্জাতিক এবং আদর্শ পরিবেশ সৃষ্টি করেছিল। এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক-ছাত্র মিলে ১৯২৬ সালে বুদ্ধির মুক্তি আন্দোলন শুরু করেছিল। শহরের গোঁড়া মুসলিম অভিভাবকদের দাপটে এর কার্যক্রম পাঁচ বছরের মধ্যে বন্ধ হলেও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলধারার রূপরেখা এঁকে দিয়েছিল। দেশ ভাগের ধকল সামলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধারা বজায় ছিল ১৯৭১ পর্যন্ত। গোড়ার ধারাবাহিকতাতেই যেন ভাষা আন্দোলনের সময় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্ররাই নেতৃত্বে এগিয়ে এল। বাঙালির আত্মবিকাশের প্রত্যক্ষ সংগ্রামে শুধু জড়িয়ে পড়ল না, এর সূতিকাগার হয়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরবর্তী সব আন্দোলন-সংগ্রামে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সংযোগ ছিল প্রত্যক্ষ। পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত অন্য বিশ্ববিদ্যালয়গুলোও ঢাকাকেই অনুসরণ করেছে, কখনো কখনো আন্দোলনে অগ্রগামী ভূমিকাও পালন করেছে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি-সচেতন বুদ্ধিজীবীরা ছয় দফা—যা অল্প কিছুদিনের মধ্যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বাঙালির মুক্তি সনদে পরিণত হয়েছে—প্রণয়নে প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। অনেকে আইয়ুব বা তার প্রতিনিধিদের সঙ্গে দর-কষাকষির চূড়ান্ত সংলাপে বঙ্গবন্ধুকে সরাসরি সহায়তা করেছেন। অর্থনীতিবিদদের দুই অর্থনীতির তত্ত্বও পাকিস্তানের অখণ্ডতার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছিল।ইতিমধ্যে শিল্পী-সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীরা বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রায় এক দেশপ্রেমিক সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেছিলেন। ১৯৫১ সালে চট্টগ্রামে, ১৯৫২ সালে কুমিল্লায়, ১৯৫৪ সালে ঢাকায় ও ১৯৫৭ সালে কাগমারিতে পর পর যে সাহিত্য-সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়, তাতে শিল্পী-সাহিত্যিকদের অংশগ্রহণ ছিল ব্যাপক, আর এর প্রভাবে মুক্তবুদ্ধি ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার পালে হাওয়া লাগে জোরালো। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী ও পরবর্তী শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে এ ধারা বেগবান হয়। এতে ছয় দফার আন্দোলন এবং বাঙালি জাতীয়তাবাদী চেতনার জোয়ার জোরদার, বেগবান ও সম্প্রসারিত হয়েছে। সেদিন বৃহত্তর অর্থে দেশের বুদ্ধিজীবী সম্প্রদায় সব মানুষের মনে স্বদেশ-চেতনাকে জাগাতে পেরেছিল, তাদের রাজনৈতিক কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার প্রেরণা দিয়েছিল।বুদ্ধিজীবীদের এই ভূমিকা পাকিস্তান সরকার জানত। পাকিস্তানের দুই অঞ্চলের বুদ্ধিজীবী ও শিল্পী-সাহিত্যিকদের মধ্যে আদান-প্রদানের মাধ্যমে পাকিস্তানি ভাবধারায় তাদের মধ্যে ঐকমত্য তৈরির লক্ষ্যে তারা কাজও করেছিল। রেডিও পাকিস্তান তো ছিলই, আইয়ুব খান আরও কয়েকটি প্রতিষ্ঠান-সংগঠন তৈরি করেছিলেন একই লক্ষ্যে—যেমন পাকিস্তান কাউন্সিল, ব্যুরো অব ন্যাশনাল রিকনস্ট্রাকশন (বিএনআর), রাইটার্স গিল্ড ইত্যাদি। এসবের মাধ্যমে বেশ টাকাও ছড়ানো হয়েছিল, কিছু বুদ্ধিজীবীকে দলে ভেড়ানোও সম্ভব হয়েছিল। কিন্তু তত দিনে মূলধারা অনেক সংহত, অনেক গতিশীল ভূমিকায় সাফল্যের ধারাতেই ছিল; ত্যাগ, সাহসী ভূমিকা আর অর্জনে জ্বলজ্বল করছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. জোহা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদের মতো শহীদদের নাম যেমন শ্রদ্ধার সঙ্গে মানুষ শুনছিল, তেমনি শ্রদ্ধায় দেখছিল সুফিয়া কামাল, আবুল ফজল, কামরুল হাসান, আলতাফ মাহমুদ, জহির রায়হানের মতো সাহিত্য-শিল্প-সংস্কৃতি অঙ্গনের মানুষদের অগ্রণী ভূমিকা। তাঁদের সঙ্গে ও পেছনে এসব অঙ্গনের ছোটবড় সবাই ঐক্যবদ্ধ হয়েছিলেন সেদিন। তাই দেখি পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে যখন পাকিস্তান সরকার ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের বিশেষ টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র এবং সর্বস্তরের লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মী, যাঁদের আমরা এককথায় বুদ্ধিজীবী নামে সম্বোধন করছি। ২৫ মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইট শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে। তারা নির্বিচারে ছাত্র-শিক্ষকদের ওপর হত্যাকাণ্ড চালিয়েছে। পুরো নয় মাস তারা বুদ্ধিজীবীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রেখেছিল। তাদের আঘাত এত ব্যাপক ও নির্বিচারী ছিল যে সেদিন মৃত্যুভয়ে অনেক পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীও পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল।আমাদের চিন্তাবিদ, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী তথা বুদ্ধিজীবীদের বিরুদ্ধে পাকিস্তানের আক্রোশ ও সর্বাত্মক আক্রমণের কারণ বোঝা কঠিন নয়। হাতেগোনা দু-চারজন বাদ দিলে এঁরা সবাই চিন্তায়, বিশ্বাসে এবং অধিকাংশই সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের লোক ছিলেন। আমাদের সর্বস্তরের বুদ্ধিজীবীরা ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের বিজয় পর্যন্ত ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা পালন করেছেন, যা উত্তরোত্তর জোরদার হয়েছে। সেদিক থেকে ১৯৭১ সালকে ধরে যেন একটি বিভাজন রেখা টানা যায়। বুদ্ধিজীবীদের একাত্তর-পূর্ববর্তী ও একাত্তর-পরবর্তী ভূমিকায় সত্যিই গুণগত বিরাট পার্থক্য ঘটে গেছে। একাত্তর-পূর্ববর্তীকালে, যা বিজয় পর্যন্ত বজায় ছিল, বুদ্ধিজীবীরা দেশ, গণমানুষ ও দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। তাঁদের মধ্যে আদর্শবাদ, নীতিবোধ, দায়িত্বশীলতা, বৃহত্তর ভূমিকা গ্রহণের সদিচ্ছার প্রকাশ ঘটেছিল। আর তাতে আন্দোলন বেগবান ও স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। তাঁরা রাজনীতিতে পথ নির্দেশ দিয়েছেন, রাজনৈতিক সংগ্রামে প্রেরণা জুগিয়েছেন, বৃহত্তর অর্জনের স্বার্থে ব্যক্তিগত ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সব মিলিয়ে সেদিন রাজনীতিতে নীতি, আদর্শ ও দর্শনের এক উচ্চ মাত্রা তৈরি হয়েছিল। সেদিন রাজনীতি-সচেতন শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, পেশাজীবীরা ছিলেন নীতিমান, আদর্শবাদী, দার্শনিক চেতনাসমৃদ্ধ মানুষ। তাঁরা সমাজের সম্মানিত, আদৃত, শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। সক্রিয় রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীরা তাঁদের উচ্চাসনেই রেখেছেন বরাবর। বঙ্গবন্ধু নিজে এ ব্যাপারে অগ্রণী ছিলেন সব সময়।কিন্তু বিজয় অর্জনের পর সমাজের এই বাতাবরণ আর টিকে থাকেনি। যেন প্রত্যক্ষ সংগ্রামের অবসানের সঙ্গে সঙ্গে নীতি, আদর্শ ও দর্শনের প্রয়োজনীয়তাও ফুরিয়ে গেল। শুরু হলো ক্ষমতার রাজনীতি, তার প্রভাব বা কুপ্রভাব গিয়ে পড়তে শুরু করল সমাজের ও জীবনের অন্যান্য ক্ষেত্রে। আর বঙ্গবন্ধু হত্যার পর সামরিক স্বৈরাচারীদের মাধ্যমে রাজনীতির দূষণ তো বাড়তে শুরু করলই, বিশ্ববিদ্যালয়সহ ছাত্ররাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, পেশাজীবী গোষ্ঠী—সর্বত্র ক্ষমতার ভাগ বণ্টন এবং সেই সঙ্গে তার দূষণ ছড়িয়ে পড়ল। আমাদের সংঘবদ্ধ, আদর্শবাদী, সংগ্রামী ছাত্ররাজনীতি এই দূষণের বলি হলো, মূল রাজনীতি ও ক্ষমতার কামড়াকামড়িতে কালোটাকা, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসে তা নষ্ট হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল যখন আইয়ুবীয় নানা প্রলোভনে-ধমকে যা সম্ভব হয়নি, সেটাও ঘটে গেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ রাজনৈতিক লেজুড়বৃত্তিতে জড়িয়ে পড়ল, সাংস্কৃতিক অঙ্গনে তারই ছাপ পড়তে থাকল আর প্রকৌশলী-চিকিৎসক-আইনজীবীসহ পেশাজীবীরা দলীয় রাজনীতির ফায়দা উশুলে ব্যাপৃত হলেন। তোষামোদি ও চাটুকারিতার এই প্রবল বিকারের মধ্যে বুদ্ধিবৃত্তিক অবক্ষয়ই কেবল জোরদার হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন যে অপূর্ণ থেকে গেল, তার যেটুকু প্রকাশ ঘটেছে রাজনৈতিক ব্যর্থতায়, তা আসলে রোগের লক্ষণ, রোগ বাসা বেঁধেছে জাতির বুদ্ধিজীবীসমাজের মধ্যে। তারা আজ নিজেরাও ক্ষমতাপ্রত্যাশী হয়ে ক্ষমতান্ধ বিত্তবান রাজনীতিকদের কৃপা প্রার্থী, ক্ষমতা ও পদ, অর্থ ও বৈষয়িক সুযোগ-সুবিধার দৌড়ে ব্যতিব্যস্ত। কাঙালের পক্ষে বুদ্ধিজীবী হওয়া সম্ভব নয়। আপসকামী মানুষের জন্যও এ পথ নয়।আমাদের স্বাধীনতা অর্থবহ হয়ে না ওঠা কিংবা গণতন্ত্র যথার্থরূপে বিকশিত না হওয়ার কারণে সমাজের কোনো অংশই এ দুইয়ের আদর্শের বিকাশে মনোযোগী হয়নি। স্বাধীনতা পাওয়ামাত্র যেমন, তেমনি গণতন্ত্র আসামাত্র তার ফল পেতে চেয়েছে। বুদ্ধিজীবীদের দায়িত্ব ছিল স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা, আদর্শ ও বোধকে বাঁচানো, লালন করা এবং বিকাশে নিজ নিজ দায়িত্ব পালন। সে কাজ একেবারেই হয়নি। এ ব্যর্থতার দায় বুদ্ধিজীবীদের নিতেই হবে।আজ এই সমাজে দাঁড়িয়ে বলা সম্ভব নয়, কীভাবে কখন এ জাতি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে সফল হবে। তবে এটুকু বলা যায়, যদি একালের বুদ্ধিজীবীরা শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা থেকে শিক্ষা ও প্রেরণা নিয়ে নিজেদের যথার্থ ভূমিকায় ফিরে আসতে পারেন, তবে সবার স্বপ্নপূরণের কাজ একদিন নিশ্চয় সম্পন্ন হবে। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।